উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia)-র শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমনটাই জানা গিয়েছে বিএনপি (BNP) সূত্রে। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতাদের কথায়, গত দু’দিনে তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন।
এই পরিস্থিতিতে তাঁর পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারেন বলে দলীয় সূত্রের খবর। তারেক ২০০৮ থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এ মাসে তাঁর দেশে ফেরার কথা থাকলেও সেই পরিকল্পনা পিছিয়ে যায়।
জানা গিয়েছে, রবিবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তাঁর শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে দু’দিন আগে তাঁকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগে রয়েছেন দলীয় নেতা-কর্মীরা।
এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন। তাঁর সুস্থতা কামনা করে গতকাল দেশজুড়ে মসজিদে মসজিদে প্রার্থনা করে বিএনপিও।
