বালুরঘাট: ভোলা কখনও কাউকে গুঁতোয় নি। তাই পাড়ার সবাই তাকে ভীষণ ভালোবাসত। স্নেহভাজন ‘ভোলা’র মৃত্যুতে শুক্রবার শোকস্তব্ধ গোটা খিদিরপুরবাসী (Balurghat)। বৃষ্টিভেজা দিনেও একটি ষাড়ের শেষযাত্রায় অংশ নিল শতাধিক মানুষ। একেবারে খোল, করতাল, ঢাক, হারমোনিয়াম সহযোগে হরিনাম গাইতে গাইতে শ্মশানে নিয়ে যাওয়া হল ভোলাকে। শ্মশানে আর্থমুভারের সাহায্যে গর্ত খুঁড়ে তাকে সমাধিস্ত করা হয়। পরে শ্মশান যাত্রীদের মিষ্টি বিতরণও করা হয়। আগামীতে নিয়ম মেনে তার শ্রাদ্ধ অনুষ্ঠানও করা হবে বলে জানান বাসিন্দারা।
গত রবিবার খিদিরপুর শ্মশান সংলগ্ন খাঁড়িতে পড়ে গিয়ে ভোলার পা ভেঙে যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকল বিভাগ ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। প্রথমে নিজের পায়ে দাঁড়াতে চেয়ে আবারও খাঁড়িতে পড়ে যায় ভোলা। এরপর পুরসভা ও দমকল বাহিনীর সহযোগিতায় আর্থমুভার দিয়ে তাকে উদ্ধার করে একটি অস্থায়ী ছাউনি তৈরি করে রাখা হয়। শুরু হয় চিকিৎসাও (Medical doctors)। পশুপ্রেমী সংগঠন ও পশু হাসপাতালের চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা চালিয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। এদিন সকালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা খিদিরপুরে।
