রূপক সরকার, বালুরঘাট: শনিবার বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ধাউল এলাকায় ঢালাই রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। শিলান্যাসের পর রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে কিনা, তা দেখার জন্য গ্রামবাসীদের দায়িত্ব দেন মন্ত্রী বিপ্লব মিত্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোককুমার মিত্র, ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা প্রমুখ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ৬১ লক্ষ ৬৭ হাজার ৭১০ টাকা ব্যয়ে প্রায় ৭০০ মিটার কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি করা হবে।
রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,‘উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই রাস্তাটি করা হচ্ছে। এই রাস্তাটি হলে এলাকার মানুষের চলাচলের সুবিধা হবে। বিভিন্ন জায়গায় রাস্তা তৈরিতে নানা অভিযোগ উঠছে। তাই গ্রামবাসীদের বলেছি, নিজেদের রাস্তার কাজ যেন তাঁরা নিজেরাই দেখেশুনে নেন। ঠিকাদারকেও বলেছি, মানুষের জন্য এই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সঠিক শিডিউল মেনেই যাতে তারা কাজ করেন।’
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মিরাজ পাহান বলেন, ‘চলাচলের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে মাটির। এমনি সময় চলাচল করা গেলেও বর্ষার সময় চলাচল করতে ব্যাপক সমস্যা হত। অবশেষে রাস্তার কাজের সূচনা হল। যার ফলে দীর্ঘদিনের সমস্যা মিটবে। পাশাপাশি আমাদের রাস্তা আমাদেরকেই দেখার দায়িত্ব দিয়েছেন বিপ্লব মিত্র। তাই ঠিকাদারকে দ্রুত রাস্তার শিডিউল লাগানোর কথা বলেছি।’
যদিও মন্ত্রীর এমন মন্তব্য নিয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, ‘নিম্নমানের সামগ্রী ব্যবহার বা রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ উঠলে তার সঙ্গে নাম জড়ায় তৃণমূল নেতা-কর্মীদেরই। চারদিকের মানুষ জেনে গিয়েছে তৃণমূল এইসব কাজের কাটমানি খায়। গ্রামবাসী কাজে বাধা দিলে তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দেয়। প্রয়োজনে প্রশাসনকে দিয়ে চাপ দেওয়া হবে। নিজে স্বচ্ছ আছেন, এমনটা জাহির করতেই হয়তো মন্ত্রী এমন মন্তব্য করেছেন। তবে মন্ত্রীর কথাতেও এইসব দুর্নীতি বন্ধ হবে না।’
