বক্সিরহাট: বৃহস্পতিবার কোচ রাজবংশী ছাত্র সংগঠনের ডাকা চব্বিশ ঘণ্টা বনধের প্রভাব পড়ল অসম-বাংলা সীমানায়। বন্ধের সমর্থনে সকাল থেকেই উত্তর-পূর্ব ভারত সংযোগকারী অসম-বাংলা জাতীয় সড়কে দফায় দফায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন প্রতিবাদকারীরা। অশান্তি এড়াতে অসম ঘেঁষা বক্সিরহাট নাকা চেকিং পয়েন্টে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করেছে বক্সিরহাট থানার পুলিশ (Bakshirhat Police Station)। বনধের জেরে দীর্ঘ লম্বা যানজট সৃষ্টি হয়েছে ওই জাতীয় সড়কে। সমস্যায় ভিন রাজ্যের লরিচালকরা।

জানা গেছে, পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ধুবড়ি জেলার অসম-বাংলা সীমানা ঘেঁষা গোলকগঞ্জ এলাকায় বুধবার সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছিল অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন। অভিযোগ, সেই প্রতিবাদ মিছিলের উপর লাঠিচার্জ করে অসমের গোলকগঞ্জ ও গৌরীপুর থানার পুলিশ। ঘটনায় কোচ রাজবংশী জনগোষ্ঠীর প্রায় ১০০ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর অসমের ধুবড়ি জেলা জুড়ে বনধের ডাক দেয় কামতাপুর ছাত্র সংগঠন (আক্রসু)। সেই মতো এদিন সকাল থেকেই ধুবড়ি জেলা জুড়ে পালিত হচ্ছে বনধ। সকাল থেকেই বন্ধ দোকানপাট, শুনশান রাস্তা। রাস্তায় ভিন রাজ্যের লরি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদকারীরা। ইতিপূর্বে লাঠিচার্জের ঘটনায় অসমের গৌরীপুর ও গোলকগঞ্জ থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশ সুপারের ওপরেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সবমিলিয়ে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যানজটের আটকে রয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

