উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসমে ট্রেন দুর্ঘটনা (Assam prepare accident)। শুক্রবার গভীর রাতে অসমের হোজাই জেলায় সায়রং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল ৮টি হাতির। জখম হয়েছে এক হস্তীশাবক, যাকে পরে বনকর্মীরা উদ্ধার করেন। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন সহ পাঁচটি কামরা। দুর্ঘটনার পর সেখানে রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। তবে কোনও যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।
রেল ও বন দপ্তর সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ২টা ১৭ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাজধানী এক্সপ্রেসটি মিজোরামের সাইরাং (আইজলের কাছে) থেকে নয়াদিল্লির আনন্দ বিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। হোজাইয়ের কাছে হঠাৎ লাইনের উপর উঠে আসে একটি হাতির দল। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে। ওই জায়গাটি ‘এলিফ্যান্ট করিডর’ হিসেবে চিহ্নিত নয়। লোকো পাইলট হাতিদের দেখতে পেয়ে জরুরি ব্রেক কষেন, কিন্তু তাতেও সংঘর্ষ এড়ানো যায়নি। হাতিরা ট্রেনের সামনে ধাক্কা খেলে ইঞ্জিন ও পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনায় ৮টি হাতির মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ট্রেন লাইনচ্যুত হওয়া এবং লাইনের উপর হাতির দেহাংশ ছড়িয়ে পড়ায় আপার অসম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রুটে রেল পরিষেবা ব্যাহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঊর্ধ্বতন আধিকারিকরা। রেল সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের অবশিষ্ট কামরাগুলির খালি বার্থে জায়গা করে দেওয়া হয়েছে। ট্রেন গুয়াহাটি পৌঁছোলে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে। এরপর গন্তব্যের দিকে এগোবে রাজধানী এক্সপ্রেস। এদিকে এই ঘটনার পর ফের প্রশ্ন উঠে গেল রেললাইন ও বন্যপ্রাণীর সংঘর্ষ নিয়ে।
