উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অসমে এবার নিষিদ্ধ করা হচ্ছে বহুবিবাহ। বহুবিবাহকে অপরাধ গন্য করে বিধানসভায় বিল পেশ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ‘অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’-এ বলা হয়েছে, অবৈধভাবে বহুবিবাহ করলে সাত বছরের জেল হতে পারে। এই বিলের বিরোধিতা করে অসম বিধানসভায় ‘ওয়াকআউট’ করে কংগ্রেস, সিপিআই(এম) সহ অন্যান্য বিরোধীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতি নিয়ে ‘অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল-২০২৫’ বিধানসভায় পেশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিলটি ষষ্ঠ তপসিলভুক্ত এলাকা ছাড়া রাজ্যের সর্বত্র প্রযোজ্য হবে। সংবিধানের ৩৪২ অনুচ্ছেদ অনুযায়ী তপসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই বিলের আওতায় আনা হবে না।
কী এই ‘অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল-২০২৫’? এই বিলে বলা হয়েছে, যে সব ব্যক্তির স্ত্রী/স্বামী জীবিত রয়েছেন এবং আইনি প্রক্রিয়ায় বিবাহবিচ্ছেদ হয়নি, তাঁরা পুনরায় বিবাহ করতে পারবেন না। এই নতুন বিলে বহুবিবাহকে একটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। কেউ দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদি কেউ আগের বিয়ে গোপন করে নতুন বিয়ে করেন, তা হলে সর্বোচ্চ ১০ বছর জেল হতে পারে। মোটা অঙ্কের জরিমানাও হতে পারে। গোটা বিবাহপ্রক্রিয়ায় জড়িত কাজি বা পুরোহিত, গ্রামপ্রধান, মা-বাবা বা আইনি অভিভাবক-সহ বিয়েতে উৎসাহ জোগানো সকলকে শাস্তির আওতায় আনা হবে।
এই বিলে রয়েছে, বহুবিবাহে ভুক্তভোগী মহিলাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। বহুবিবাহে দোষী সাব্যস্ত ব্যক্তিরা রাজ্য সরকারের কোনও চাকরি পাবেন না। সরকারি কোনও প্রকল্পের সুবিধা পাবেন না। কোনওরকম নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কেউ যদি বার বার একই অপরাধ করেন, তা হলে প্রতিটি অপরাধের জন্য নির্ধারিত শাস্তির দ্বিগুণ দণ্ড দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
