উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এখনও ভারত হাতে পায়নি এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি। ফের শুরু হয়েছে নতুন জটিলতা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আশা করছে আগামী এক-দু’দিনের মধ্যেই এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফিটি তাদের কর্পোরেট অফিসে এসে পৌঁছাবে। যদি সেটি না পৌঁছায় তাহলে ৪ নভেম্বর আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) বৈঠকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে বোর্ড।
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে সূর্যরা। ভারত ট্রফি নিতে অস্বিকার করায় পুরস্কার বিতরণী মঞ্চ থেকে সেই ট্রফিটি নিয়ে চলে যান নকভি। ম্যাচের এতদিন পরেও ট্রফি এখনও পর্যন্ত ভারতীয় দলের হাতে এসে পৌঁছায়নি। জানা গিয়েছে, ট্রফিটি দুবাইয়ে এসিসির সদর দপ্তরে আছে। তবে ভারতীয় বোর্ড আশাবাদী, আলোচনার মাধ্যমে আগামী এক-দুদিনের মধ্যেই ট্রফি ভারতের হাতে তুলে দেওয়া হবে। দু’দেশের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণেই এই বিলম্ব ঘটেছে বলে জল্পনা বোর্ডের অভ্যন্তরীণ মহলে। সব মিলিয়ে এশিয়া কাপ ট্রফি ঘিরে উত্তেজনা এখন চরমে।
