উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিল ভারত। আর এই জয়ের মধ্যে দিয়েই এশিয়া সেরা হল ভারতীয় ক্রিকেট দল। এদিন ফাইনালে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। হার্দিক না থাকায় প্রথমে বল করতে আসেন শিবম দুবে। পাওয়ার প্লে-তে ভালো বল করলেন তিনি। দুই ওভারে দিলেন ১২ রান। শিবম ভালো বল করলেও বুমরাহ রান দিলেন। প্রথম দুই ওভারে ১৮ রান দিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে আরও একটি অর্ধশতরান সাহিবজাদা ফারহানের। ফাইনালে ৩৫ বলে ৫০ রান করেছেন তিনি।
৮৪ রানের মাথায় পাকিস্তানের ভেঙে গেল ওপেনিং জুটি। বাউন্ডারি লাইনে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে বরুণের বলে আউট হলেন ফারহান। তিনি ৩৮ বলে করেছেন ৫৭ রান। ১১৩ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন পাকিস্তানের। কুলদীপের বলে বুমরাহর হাতে ক্যাচ দিয়ে আউট হন আয়ুব (১৪)। শূন্য রানে অক্ষরের বলে আউট হারিস। ৪৬ রান করে আউট ফাখার জামান। পাকিস্তানের রান ১৪.৪ ওভারে ১২৬/৪। ফের উইকেটের পতন পাকিস্তানের। অক্ষরের বলে ১ রান করে আউট হুসেন তলত। ভারতকে খেলায় ফেরালেন স্পিনারেরা। ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। কুলদীপের বলে ৮ রান করে আউট হন অধিনায়ক সলমন। এবার শূন্য রানে ফিরলেন শাহিন আফ্রিদি। একই ওভারে ৩ উইকেট নিলেন কুলদীপ। সলমন আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরফকে আউট করেছেন তিনি। ২১ রানে পাকিস্তানের শেষ ৭ উইকেট পড়েছে। দ্বিতীয় স্পেলে বল করতে এসে উইকেটে ফিরলেন বুমরাহ। তাঁর ইয়র্কারে আউট হলেন রউফ। ১৯.১ ওভারে অল আউট হয়ে গেল পাকিস্তান। তাদের শেষ ৯ উইকেট পড়ল মাত্র ৩৩ রানে। এশিয়া কাপের ফাইনাল জিততে ভারতের সামনে লক্ষ্য ১৪৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মার গুরুত্বপূর্ণ উইকেটটি হারায় ভারতীয় দল। এরপরেই খেলার তৃতীয় ওভারে শাহিনের বলে আউট হয়ে সাজঘরের রাস্তা ধরেন সূর্যকুমার যাদব। এর কিছু সময় পরেই ব্যক্তিগত ১২ রানের মাথায় আউট হন শুভমন গিল। এরপর ২৪ রান করে আউট হন সঞ্জু স্যামসন। ব্যাটিংয়ে তখন ভরসা জোগাচ্ছেন তিলক বর্মা। তাঁকে যোগ্য সঙ্গত করেন শিবম দুবে। আউট হওয়ার আগে ২২ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান তিনি। শেষ পর্যন্ত তিলকের চওড়া ব্যাটে ভর করেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ভারত। ৬৯ রানে অপরাজিত থেকে যান তিলক বর্মা।
