কুলটি ও আসানসোল: ৬ মাস আগে এক কোটি টাকার লটারি পাওয়া এক যুবকের দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা এলাকায়। মৃত যুবকের নাম কার্তিক বাউরি। আসানসোলের(Asansol) কুলটি থানার অন্তর্গত বরাকর লখিয়াবাদ এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ মাস আগে এক কোটি টাকার লটারি জিতেছিলেন এই কার্তিক বাউরি। এই নিয়ে বেশ তোলপাড় পড়ে কুলটি এলাকায়। সেই টাকায় নিজের বাড়ি-ঘর তৈরিতেও হাত দিয়েছিলেন তিনি। কার্তিকের মা জানান, ঘটনার দিন তৃণমূল নেত্রী অমরদীপ বাউরি ডেকেছে বলে বাড়ি থেকে বের হয় কার্তিক। কিন্তু অনেকক্ষণ না ফেরায় বাড়ির লোক খুঁজতে গিয়ে ওই তৃণমূল নেত্রীর বাড়ির সামনে কার্তিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করে কুলটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কার্তিক বাউরির পরিবার তৃণমূল নেত্রী অমরদীপ বাউরি সহ আরও তিনজনের নামে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বোরো চেয়ারম্যান বেবি বাউরি সহ তিনজনকে গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ। যদিও বেবি বাউরি বলেন, ‘ওই ব্যক্তি মুখে গামছা বেঁধে আমার বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল। তাকে দেখে ফেলায় সে দেওয়াল টপকে পালাতে গিয়ে উপর থেকে সিঁড়িতে পড়ে যায়।’ পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
