আসানসোল: নতুন বছরের শুরুতেই শোকের ছায়া পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চলে। বার্নপুর সেল আইএসপি (ইস্কো) কারখানার ভেতরে এক ঠিকা কর্মীর মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কর্মীর নাম বলরাম বাউরি (৫২)। তিনি হিরাপুর থানার বার্নপুরের শ্যামবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন এবং একটি বেসরকারি সংস্থার অধীনে কারখানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার ‘বি’ শিফটে কারখানার কোক ওভেন বিভাগে কর্মরত ছিলেন বলরামবাবু। সন্ধ্যা নাগাদ সহকর্মীরা কোক ওভেন সিডিসিপি (CDCP) চেম্বার রেললাইনের ওপর তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। দেখা যায়, দেহ থেকে মাথাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ, কারখানা কর্তৃপক্ষ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব।
কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, রেললাইন দিয়ে চলাচলের সময় কোনো লোকোমোটিভ বা ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং বিভাগীয় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পুলিশ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শ্রমিক মহলে ক্ষোভ সৃষ্টি হয়। বিএমএস (BMS) এবং আইএনটিইউসি (INTUC)-সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে তদন্তের দাবি এবং মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির দাবি জানান। দীর্ঘ আলোচনার পর শ্রমিক সংগঠনের চাপের মুখে সেল আইএসপি কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে। যেখানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
হিরাপুর পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
