আসানসোল: রাজ্য বিধানসভা নির্বাচনের (Meeting Election 2026) প্রাক্কালে নিরাপত্তা আঁটসাঁট করতে আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমানায় নজরদারি বাড়িয়েছে পুলিশ (Police)। এই কড়া চেকিংয়ের মধ্যেই আসানসোল (Asansol) উত্তর থানার পুলিশ বড়সড় সাফল্য পেল। গত ২৪ ঘণ্টায় ১৯ নম্বর জাতীয় সড়কে প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা বাসে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজা এবং ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাঁচি-আসানসোল রুটের একটি বাসকে জুবলি মোড় এলাকায় থামিয়ে তল্লাশি চালানো হয়। সেই বাস থেকেই উদ্ধার হয় ৬৬টি মোবাইল এবং প্রায় ১ কেজি গাঁজা। এর আগে বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে আসা আরও একটি বাসে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল।
এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান, জুবিলি মোড়ে নিয়মিত তল্লাশি চালানো হয়। তবে নির্বাচনের কারণে এখন বাস ও ছোট গাড়িতে তল্লাশির পরিমাণ আরও বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা একাধিক যানবাহনে তল্লাশি চালিয়ে এই মাদক ও মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে পুলিশের এই সাফল্যের মাঝেই কিছু প্রশাসনিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আসানসোলের জুবিলি মোড়ে এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হওয়ায় সন্দেহ করা হচ্ছে যে, প্রতিবেশী রাজ্য থেকে ডুবুরডিহি চেকপোস্ট দিয়ে ঢোকা সমস্ত বাসে হয়তো সঠিকভাবে তল্লাশি চালানো হচ্ছে না। পাশাপাশি, কিছু বাস আসানসোল শহরে না ঢুকে জুবিলি ব্রিজ পেরিয়ে সরাসরি দুর্গাপুরের দিকে চলে যাচ্ছে, সেগুলির ক্ষেত্রে নজরদারি কতটা কার্যকর তা নিয়েও সংশয় রয়েছে।
সূত্রের খবর, গোটা বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরে এসেছে। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নাকা চেকিংয়ের পরিধি বাড়ানো এবং চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা নিচ্ছে প্রশাসন।
