বার্নপুর ও আসানসোল: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন একাধিক মহিলা। শুক্রবার আসানসোলের (Asansol) দক্ষিণ বিধানসভার বার্নপুরের ৮ নম্বর বস্তি এলাকায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) ‘জনতার দরবার’ কর্মসূচি ছিল। সেখানে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা না পাওয়ার অভিযোগ জানাতে হাজির হন এলাকার একাধিক মহিলা।
অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেও এখনও তাঁরা টাকা পাননি। সেই সমস্যার কথা জানাতে তাঁরা মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করতে চান। অভিযোগকারী মহিলাদের বক্তব্য, সরকারি প্রকল্পের জন্য আবেদন করার পরেও কেন তাঁরা টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, তা তাঁরা জানতে চান।
পরে জনতার দরবার শেষ করে অগ্নিমিত্রা পাল মহিলাদের সঙ্গে কথা বলেন। তাঁদেরকে তিনি আশ্বস্ত করে বলেন, “এলাকায় যারা দলের হয়ে কাজ করেন, তাঁদেরকে ফোন নম্বর দিন। অভিযোগ লিখিত ভাবে করুন।”
এদিন সকালে আসানসোলে এক খুঁটিপুজোর পরে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পাল বলেন, “অন্নপূর্ণা যোজনার বিষয়টি এখন সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নারী ও শিশুকল্যান মন্ত্রী মালতী আভা রায় দেখছেন।”

