Asansol | ডিমের পর এবার ‘চটি-বিক্ষোভ’! আসানসোল আদালতে তৃণমূল নেতাকে ঘিরে তুমুল উত্তেজনা

Asansol | ডিমের পর এবার ‘চটি-বিক্ষোভ’! আসানসোল আদালতে তৃণমূল নেতাকে ঘিরে তুমুল উত্তেজনা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে ধৃত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) সহ-সভাপতি ভোলা সিংকে (Bhola Sing) ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল আসানসোল আদালত (Asansol Courtroom) চত্বর। বুধবার তাঁকে আদালতে পেশ করার সময় বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের পক্ষ থেকে ‘চটি’ দেখিয়ে এবং ‘চোর’ স্লোগান তুলে তীব্র বিক্ষোভ দেখানো হয়। কিছু দিন আগেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।

পুলিশ সূত্রে খবর, অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে গত শুক্রবার ভোলা সিংকে গ্রেপ্তার করে সালানপুর থানার পুলিশ। আদালত তাঁকে ৬ দিনের পুলিশি হেপাজতে পাঠায়। নিরাপত্তার স্বার্থে এই সময় তাঁকে রাখা হয়েছিল হিরাপুর থানায়। বুধবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে আসানসোল জেলা আদালতে তোলা হয়।

আদালত চত্বরে পৌঁছাতেই বিজেপি নেতা আকবর হোসেন ও তাঁর সমর্থকরা ভোলা সিংকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। ভোলা সিংয়ের উদ্দেশে চটি দেখিয়ে তাঁরা ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে সাময়িকভাবে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, এর আগের দিন ভোলা সিংকে আদালতে নিয়ে আসার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার মতো ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে ভোলা সিংয়ের গ্রেপ্তারি ও তৎপরবর্তী ঘটনাপ্রবাহ ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *