Arunachal Pradesh | ‘জল বোমা’য় ভারতকে মারার ছক! ব্রহ্মপুত্রে চিনের বাঁধ নির্মাণে উদ্বিগ্ন অরুণাচলের মুখ্যমন্ত্রী

Arunachal Pradesh | ‘জল বোমা’য় ভারতকে মারার ছক! ব্রহ্মপুত্রে চিনের বাঁধ নির্মাণে উদ্বিগ্ন অরুণাচলের মুখ্যমন্ত্রী

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারতকে বিপদে ফেলতে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চিন। সেই বাঁধ বোমার চেয়ে কোনও অংশে কম নয়। এমনই জানিয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে খান্ডু বলেন, ‘ইয়ারলুং সাংপোর (ব্রহ্মপুত্রের তিব্বতি নাম) উপর বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে চিন। বাঁধের প্রকল্প কোনও সামরিক আগ্রাসনের চেয়েও বেশি উদ্বেগজনক। এতে আমাদের অস্তিত্ব সংকট দেখা দিতে পারে।’

তাঁর আশঙ্কা, এই বাঁধকে জল বোমা হিসেবেও ব্যবহার করতে পারে শি জিনপিংয়ের সরকার। খান্ডুর কথায়, ‘ওই বাঁধ আসলে একটি জল বোমা। ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপেরই নামান্তর।’

খান্ডুর আশঙ্কা, চিন যেহেতু আন্তর্জাতিক জলচুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়। ফলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে বাধ্যও নয়। তাই এই বাঁধের অপব্যবহার করতে পারে তারা। ভরা বর্ষায় চিন ওই বিশাল বাঁধের লক গেট খুলে দিলে অরুণাচলের টুটিং, ইঙকিয়ং এবং পাসিঘাটের মতো শহরগুলির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে।সিয়াং একেবারে ভেসে যাবে। এছাড়া বাঁধ তৈরি হলে ভূতাত্ত্বিক কিছু সমস্যাও হতে পারে। বাড়তে পারে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনাও। আবার শুখা মরসুমে জলের অভাবও দেখা যেতে পারে।

ভারতের আপত্তি উড়িয়ে ২০১৫ সাল থেকে দফায় দফায় ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ করছে চিন। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রহ্মপুত্রের বাঁধ নির্মাণে ১৩ হাজার ৭০০ কোটি ডলার (প্রায় ১২ লক্ষ কোটি টাকা) খরচ হতে পারে। বিশ্বের আর কোনও প্রকল্পে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়নি। চিনের এই প্রকল্প ভারতের পক্ষে উদ্বেগের। এমন পরিস্থিতিতে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য, চিনের ষড়যন্ত্র রুখতে পালটা পদক্ষেপ করা উচিত কেন্দ্রের। ভারতও পালটা বাঁধ দিক ব্রহ্মপুত্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *