শিলিগুড়ি: নিজেরই মাধ্যমিক পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল বাবা (Arrested)। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগেই নিজের বড় মেয়েকেই ধর্ষণ (Rape) করে ওই ব্যক্তি। সপ্তাহ তিনেক আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হয়ে প্রসবও করে ওই ১৬ বছরের নাবালিকা। এরপরই সে নিজের সম্মান রক্ষার্থে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে হাসপাতাল থেকে নাবালিকা পালিয়ে যাওয়ার পর তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, প্রথম দিকে নাবালিকা এনিয়ে মুখ না খুলতে চাইলেও শনিবার শিলিগুড়ি থানার তদন্তকারী মহিলা অফিসারের কাছে বাবার কুকীর্তি নিয়ে মুখ খোলে। এরপর শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার আগে বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্তের ওপর চড়াও হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধৃতকে রবিবার আদালতে তোলা হবে। বর্তমানে ওই নাবালিকার সন্তান শিলিগুড়ি জেলা হাসপাতালেই রয়েছে।
হাসপাতাল থেকে বিষয়টি থানায় জানানোর পর পকসো মামলা রুজু হয়। পাশাপাশি তদন্তকারী পুলিশকর্তারা নাবালিকাকে সিডব্লিউসিতে পাঠান। কিন্তু কীভাবে গর্ভবতী হল ওই নাবালিকা? সিডব্লিউসিতেও সে ব্যাপারে মুখ খোলেনি সে। যদিও তদন্তকারী মহিলা পুলিশকর্মী ওই নাবালিকার সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছিলেন। শেষমেষ যাবতীয় রহস্য ফাঁস করে ওই নাবালিকা। এরপরই পুলিশ অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এমনকি প্রয়োজনে ডিএনএ টেস্ট করার কথাও বলা হয়। এরপরই নিজের অপকর্মের কথা স্বীকার করে অভিযুক্ত।
