উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) চিত্তুরে শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা (Accident) হল। এদিন ভোর পাঁচটা নাগাদ অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে একটি বাস খাদের মধ্যে পড়ে যায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ৩৫ জন তীর্থযাত্রী চিত্তুর থেকে ওই বাসে চড়ে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন। ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর মিলেছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, বাসটি খাদে পড়ার পর তার মধ্যে আটকে একাধিক যাত্রী পড়েন।
ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে এগিয়ে আসেন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এক চালক এবং বাসের কর্মী ছাড়াও বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কী ভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট জানা যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
