উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: লিঙ্গসাম্য এবং ক্রিকেটের পরিধি পেরিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের রূপান্তরিত সন্তান অনয়া বাঙ্গার (Anaya Bangar)। আর এই সিদ্ধান্ত সামনে আসতেই ফুঁসে উঠেছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার মারিজেন কাপ। তবে চুপ থাকেনি অনয়াও, স্পষ্ট ভাষায় সমালোচকদের পড়াশোনা করে নিজেদের ‘শিক্ষিত’ করার পরামর্শ দিয়েছেন তিনি।
পুরো বিতর্কের সূত্রপাত মারিজেন কাপের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Australia) সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে কাপ লিখেছিলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ হাস্যকর এবং কোনওভাবেই তা বরদাস্ত করা উচিত নয়। এর পাল্টায় শুক্রবার অনয়া স্পষ্ট জানিয়ে দেন, যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, তাদের আগে বিষয়টি নিয়ে স্বচ্ছ ধারণা তৈরি করা প্রয়োজন। সমস্ত বৈজ্ঞানিক তথ্য ও নিয়ম মেনেই ক্রিকেট অস্ট্রেলিয়ার ছাড়পত্র মিলেছে বলে দাবি তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নিয়ম অনুযায়ী ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের মহিলাদের ক্রিকেটে খেলার নিষেধাজ্ঞা থাকলেও, ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিজস্ব ইনক্লুসিভ নীতি রয়েছে। নির্দিষ্ট কিছু শর্ত ও শারীরিক পরীক্ষার পরেই কেবল খেলার অনুমতি মেলে সেখানে। আগামী ছয় মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করে ২২ গজে ফেরার চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনয়া। একসময়ের সরফরাজ খানদের সতীর্থ এখন নিজের পারফরম্যান্স দিয়েই সমস্ত সমালোচনার জবাব দিতে মুখিয়ে আছেন।

