Amrit Bharat Station Scheme | রেলমন্ত্রীর ছাড়পত্র! অমৃত ভারত প্রকল্পে ঢেলে সাজানো হচ্ছে গঙ্গারামপুর স্টেশন, ঘোষণা বিধায়কের

Amrit Bharat Station Scheme | রেলমন্ত্রীর ছাড়পত্র! অমৃত ভারত প্রকল্পে ঢেলে সাজানো হচ্ছে গঙ্গারামপুর স্টেশন, ঘোষণা বিধায়কের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় এক বড়সড় সাফল্যের পালক যুক্ত হল। গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনকে কেন্দ্র সরকারের ‘অমৃত ভারত’ প্রকল্পের (Amrit Bharat Station Scheme) অন্তর্ভুক্ত করার অনুমোদন মিলেছে। শুক্রবার গঙ্গারামপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সুখবর শোনালেন স্থানীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এই প্রকল্পের মাধ্যমে আধুনিকীকরণের ছোঁয়ায় ঢেলে সাজানো হবে গোটা স্টেশন চত্বরকে।

বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, গঙ্গারামপুর স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার দাবি দীর্ঘদিনের ছিল। এই বিষয়ে তিনি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বারবার রেলমন্ত্রীর কাছে দরবার করেছেন। অবশেষে রেল মন্ত্রকের সবুজ সংকেত মেলায় উচ্ছ্বসিত বিজেপি শিবির। বিধায়ক বলেন, “ডিআরএম-এর সঙ্গে আমার কথা হয়েছে। খুব দ্রুত আধুনিকীকরণের কাজ শুরু হবে।”

এদিনের সাংবাদিক সম্মেলনে উন্নয়নমূলক কাজের একগুচ্ছ খতিয়ান তুলে ধরেন বিধায়ক:

আধুনিক প্রবেশদ্বার: স্টেশনে ঢোকার মুখে একটি সুদৃশ্য ও আধুনিক গেট তৈরি করা হবে, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

রাস্তা প্রসারণ: রেল ব্রিজের পাশের বর্তমান তিন ফুটের সরু রাস্তাটি নিয়ে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। সেই রাস্তাটি বাড়িয়ে পাঁচ থেকে ছয় ফুট করা হবে।

পর্যাপ্ত আলো: যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা স্টেশনে পর্যাপ্ত আধুনিক আলোর ব্যবস্থা করা হবে।

গঙ্গারামপুর স্টেশনটি দক্ষিণ দিনাজপুরের অন্যতম লাভজনক স্টেশন হিসেবে পরিচিত। প্রতি বছর এখান থেকে রেলের বিপুল আয় হয়। তাই এই স্টেশনের আধুনিকীকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল ‘গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটি’। কমিটির সম্পাদক অজয় দাস বলেন, “আজ আমাদের আনন্দের দিন। দীর্ঘ লড়াই ও আন্দোলনের সুফল মিলল। আশা করছি দ্রুত স্টেশনের সামগ্রিক ভোল বদলে যাবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *