উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের বিগ-বি (Large-B) অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) একবার চোখের দেখা দেখার জন্য অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু নয়। কিন্তু সেই ভালোবাসাই যে কখনও কখনও প্রিয় তারকার নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে, তার প্রমাণ মিলল গুজরাটের (Gujarat) সুরাটে (Surat)। শুক্রবার এক অনভিপ্রেত ঘটনার মুখে পড়লেন বিগ-বি। পরিস্থিতি সামলাতে নাজেহাল হতে হয় খোদ নিরাপত্তারক্ষীদেরও।
শুক্রবার ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (ISPL) তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সুরাটে পৌঁছান অমিতাভ বচ্চন। লাল ভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে যাওয়ার আগে তিনি বিমানবন্দরের কাছে পাল এলাকার একটি বিলাসবহুল আবাসনে তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে যান। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান হাজার হাজার ভক্ত।
আবাসন থেকে বেরোনোর সময় পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। শাহেনশাহকে সামনে দেখে নিরাপত্তা বলয় টপকে তাঁর কাছে পৌঁছানোর চেষ্টা করেন উন্মত্ত অনুরাগীরা। প্রবীণ অভিনেতা করজোরে বারবার অনুরোধ করলেও ভিড় সরেনি। বরং শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। ভিড়ের চাপে আবাসনের প্রবেশপথের বিশাল কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) দেখা গিয়েছে, প্রবীণ অভিনেতাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে নিরাপত্তারক্ষীদের রীতিমতো লড়াই করতে হয়েছে। এই হুড়োহুড়িতে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। অমিতাভ বচ্চনের বয়স বর্তমানে ৮৩ বছর। এই বয়সে তাঁর প্রতি ভক্তদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। অনেকেই মন্তব্য করেছেন, “ভালোবাসার মানে এই নয় যে প্রিয় মানুষকে বিপদে ফেলতে হবে।” পরে পুলিশের একটি বড় দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে তারকাদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
