উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাইক্রোসফটের পর এবার ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগের (Funding) কথা ঘোষণা করল অ্যামাজন (Amazon)। মঙ্গলবার ই-কমার্স সংস্থাটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারতে ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হবে। যা দেশের ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে।
যদিও গত ১৫ বছরে ভারতে ইতিমধ্যেই ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। সেটির উপর ভিত্তি করেই নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়াদিল্লিতে ষষ্ঠ অ্যামাজন সম্ভব শীর্ষ সম্মেলনে নতুন বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে অ্যামাজনের পরামর্শকারী সংস্থা কিস্টোন স্ট্র্যাটেজির তরফেও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে রিপোর্ট পেশ করা হয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পরিকাঠামোর উন্নয়ন, কর্মীদের আর্থিক ক্ষতিপূরণ সহ ক্রমবর্ধমান বিনিয়োগের কারণে ভারতে বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী, ই-কমার্সে বৃহত্তম রপ্তানিকারী এবং দেশের শীর্ষস্থানীয় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান হয়ে উঠেছে অ্যামাজন।
ই-কমার্স সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যত বিনিয়োগগুলি হবে তিনটি কৌশলগত স্তম্ভের উপর ভিত্তি করে। তা হল এআই-ভিত্তিক ডিজিটাইজেশন, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। কিস্টোন স্ট্র্যাটেজির রিপোর্ট অনুসারে, এখন পর্যন্ত ১ কোটি ২০ লক্ষেরও বেশি ছোট ব্যবসাকে ডিজিটাইজড করেছে অ্যামাজন। এমনকি ২০২৪ সালে প্রত্যক্ষ, পরোক্ষভাবে প্রায় ২.৮ মিলিয়ন কর্মসংস্থান করেছে ই-কমার্স সংস্থাটি।
উল্লেখ্য, দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর ভারতে বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করেছে মাইক্রোসফটও। মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থার সিইও সত্য নাদেলা জানিয়েছেন, ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। যা এশিয়ার মধ্যে মাইক্রোসফটের সবচেয়ে বড় বিনিয়োগ হতে চলেছে।
