উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের লড়াইয়ে এবার বড় চমক দিলেন আম জনতা উন্নয়ন পার্টির (Am Janata Unnayan Social gathering) সুপ্রিমো হুমায়ুন কবীর (Humayun Kabir)। রবিবার একযোগে ১৪০টিরও বেশি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। বিশেষ করে ভবানীপুর, নন্দীগ্রাম এবং ভাঙড়ের মতো অতি-সংবেদনশীল ও হাইভোল্টেজ আসনগুলোতে প্রার্থী দিয়ে তৃণমূল ও বিজেপি— উভয় পক্ষকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হুমায়ুন।
ভবানীপুরে পুনম বনাম মমতা-শুভেন্দু
কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হয়ে লড়ছেন শুভেন্দু অধিকারী। এই মেগা ফাইটেই আম জনতা উন্নয়ন পার্টির বাজি পুনম বেগম। ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুনম নাম ঘোষণা হওয়ার পরই আত্মবিশ্বাসের সুরে বলেন, “আল্লাহর ওপর ভরসা আছে, নিজের ১০০ শতাংশ দেব।” তবে প্রার্থী হওয়ার আগে তাঁকে ভয় দেখানো হয়েছিল বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
নন্দীগ্রাম ও ভাঙড়ে নতুন মুখ
ভবানীপুরের পাশাপাশি নজরকাড়া আসন নন্দীগ্রামেও প্রার্থী দিল AJUP। সেখানে দলের টিকিটে লড়বেন শহিদুল হক। এই আসনে আগেই প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। অন্যদিকে, ভাঙড় আসনে তৃণমূলের শওকত মোল্লা ও আইএসএফ-এর নওশাদ সিদ্দিকীর লড়াইয়ের মাঝে সীমা ভট্টাচার্যকে প্রার্থী করে লড়াই ত্রিমুখী করার ইঙ্গিত দিলেন হুমায়ুন।
১৮২ আসনে লড়ছে AJUP
হুমায়ুন কবীর আগেই জানিয়েছিলেন যে তাঁর দল রাজ্যের ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি নিজে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা— এই দুই আসন থেকে লড়াই করছেন। এছাড়া ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দারকে কান্দি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। গত ১৮ মার্চ মালদহ ও মুর্শিদাবাদের প্রার্থীদের নাম ঘোষণার পর আজ বাকি আসনগুলোর তালিকা প্রকাশ করা হলো।
রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘুবহুল আসনগুলোতে হুমায়ুনের দলের এই উপস্থিতি বড় দলগুলোর ভোটব্যাঙ্কে কতটা থাবা বসাতে পারে, সেটাই এখন দেখার।
