উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (Am Janata Unnayan Occasion)-র রেজিস্ট্রেশন মঞ্জুর করল ভারতের নির্বাচন কমিশন। গত ২২ ডিসেম্বর দলের নাম ও ইস্তেহার ঘোষণা করার পর থেকেই স্বীকৃতির অপেক্ষায় ছিলেন হুমায়ুন। অবশেষে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) সুপারিশে সবুজ সঙ্কেত দিল কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, হুমায়ুন কবীরের দল রেজিস্ট্রেশনের যাবতীয় শর্ত পূরণ করেছে। নিয়ম অনুযায়ী, এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে জনসাধারণের কাছ থেকে কোনো জোরালো আপত্তি না আসে, তবেই কমিশন ‘আম জনতা উন্নয়ন পার্টি’কে রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত স্বীকৃতি প্রদান করবে। এরপরই দলের প্রতীকের জন্য আবেদন করতে পারবেন হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর আগেভাগেই ইঙ্গিত দিয়েছেন যে তাঁর পছন্দের প্রতীক ‘টেবিল’। ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে এই প্রতীক নিয়েই তিনি জয়লাভ করেছিলেন। তবে কমিশন সেই প্রতীক দেবে নাকি অন্য কিছু, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দলের সদর দপ্তর মুর্শিদাবাদের বেলডাঙা বা রেজিনগরে হওয়ার সম্ভাবনা প্রবল।
শুরুতে দলের নাম রাখা হয়েছিল ‘জনতা উন্নয়ন পার্টি’। কিন্তু ওই একই নামে অন্য একটি ছোট দল নথিভুক্ত থাকায় প্রযুক্তিগত সমস্যায় পড়েন বিধায়ক। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আম জনতা উন্নয়ন পার্টি’। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের পরবর্তী পর্যায়ে হুমায়ুন কবীরের এই দল গঠন মুর্শিদাবাদের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করবে।
