উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও একবার বিশ্ব ব্যাডমিন্টনের মক্কায় তেরঙা ওড়ানোর সুযোগ ভারতের সামনে। শনিবার বার্মিংহামে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন (All England Open 2026) প্রতিযোগিতার ফাইনালে উঠলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। সেমিফাইনালে কানাডার ভিক্টর লাইকে ২১-১৬, ১৮-২১, ২১-১৫ গেমে হারিয়ে খেতাবের লড়াইয়ে নামবেন ১২ নম্বর বাছাই এই ভারতীয় শাটলার।
এক ঘণ্টা ৩৭ মিনিটের এই ম্যারাথন লড়াইয়ে লক্ষ্যের মানসিক দৃঢ়তা ছিল দেখার মতো। ম্যাচের শুরুতেই ৫২ শটের দীর্ঘ র্যালি বুঝিয়ে দিয়েছিল যে লড়াই সহজ হবে না। দ্বিতীয় গেমে পায়ে ফোসকা নিয়ে লড়তে হলেও লক্ষ্য দমে যাননি। তৃতীয় গেমে ৮৬ শটের একটি অবিশ্বাস্য র্যালি জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি। নিখুঁত স্ট্রোকপ্লে আর জমাট রক্ষণে শেষ পর্যন্ত কুপোকাত করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী লাই-কে।
২০২২ সালের পর এটি লক্ষ্যের দ্বিতীয় অল ইংল্যান্ড ফাইনাল। এর আগে ভারত থেকে কেবল প্রকাশ পাড়ুকোন (১৯৮০) এবং পুল্লেলা গোপীচাঁদ (২০০১) এই ট্রফি জয়ের নজির গড়েছেন। প্রকাশ নাথ ও সাইনা নেহওয়াল রানার-আপ হলেও লক্ষ্য এবার ট্রফি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ফাইনালে তাঁর প্রতিপক্ষ চিনা তাইপেইয়ের লিন চুন-ই।
শি ইউ কি এবং লি শি ফেং-এর মতো হেভিওয়েটদের হারিয়েই ফাইনালে উঠেছেন লক্ষ্য। এখন গোটা দেশ অধীর অপেক্ষায় তাঁর হাতে এই ঐতিহ্যবাহী ট্রফি দেখার জন্য।
