উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বার্মিংহামের ইউটিলিটা অ্যারেনায় ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)। শুক্রবার পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চীনের লি শিফেংকে (Li Shifeng) সরাসরি গেমে উড়িয়ে দিয়ে মর্যাদাপূর্ণ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (All England Open 2026) সেমিফাইনালে পৌঁছলেন তিনি। লক্ষ্য আর মাত্র দু’টি ম্যাচ জিতলেই প্রকাশ পাডুকোন এবং পুল্লেলা গোপীচন্দের পর তৃতীয় ভারতীয় হিসাবে এই বিরল খেতাবের মালিক হবেন।
বিশ্বের ৬ নম্বর তারকা লি শিফেংয়ের বিরুদ্ধে ম্যাচে ১২ নম্বর র্যাঙ্কিংধারী লক্ষ্যের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। মাত্র ৪৫ মিনিটের লড়াইয়ে ২১-১৩, ২১-১৬ ব্যবধানে জয় পান তিনি। প্রথম গেম থেকেই আক্রমণাত্মক লক্ষ্য ৯-৪ ব্যবধানে এগিয়ে যান। তাঁর নিখুঁত প্লেসমেন্ট ও ব্যাকহ্যান্ড ড্রপের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েন চীনা শাটলার। দ্বিতীয় গেমে শিফেং কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও লক্ষ্যের জমাট ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের সামনে তা ধোপে টেকেনি।
এটি অল ইংল্যান্ড ওপেনে লক্ষ্যের তৃতীয় সেমিফাইনাল। ২০২২ সালে তিনি রানার-আপ হয়েছিলেন এবং ২০২৪ সালে জোনাথন ক্রিস্টির কাছে হেরে বিদায় নিয়েছিলেন। তবে এবারের লক্ষ্য অনেক বেশি পরিণত। বিশেষত শিফেংয়ের কাছে টানা তিন হারের পর এই জয় তাঁকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে। এর আগে এই প্রতিযোগিতাতেই হংকংয়ের এনজি কা লং আঙ্গাস এবং চীনের শি ইউকির বিরুদ্ধেও টানা হারের রেকর্ড ভেঙে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।
ফাইনালে ওঠার লড়াইয়ে লক্ষ্য সেন মুখোমুখি হবেন কানাডার ভিক্টর লাই এবং জাপানের কোকি ওয়াতানাবের মধ্যে বিজয়ী খেলোয়াড়ের। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা এখন তাকিয়ে রয়েছেন সেই হাইভোল্টেজ সেমিফাইনালের দিকে।
