Alipurduar | ভোটের প্রচারে এবার ‘এআই’ ম্যাজিক, আলিপুরদুয়ারে তুঙ্গে সাইবার যুদ্ধ

Alipurduar | ভোটের প্রচারে এবার ‘এআই’ ম্যাজিক, আলিপুরদুয়ারে তুঙ্গে সাইবার যুদ্ধ

খেলাধুলা/SPORTS
Spread the love


অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: দুই পাশে বড় বড় বিল্ডিং। দূরে দেখা যাচ্ছে সিপিএমের ‘কাস্তে হাতুড়ি তারা’র লাল পতাকা হাতে দাঁডিয়ে আছেন কয়েক হাজার মানুষ আর একদম সামনে একটি হুডখোলা গাড়ির উপর দাঁড়িয়ে হাত নাড়ছেন আলিপুরদুয়ারের (Alipurduar) সিপিএম প্রার্থী শ্যামল রায়। অন্যদিকে, প্রেক্ষাপট একই থাকলেও সিপিএমের পতাকার পরিবর্তে তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে। হুডখোলা গাড়িতে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন আলিপুরদুয়ার কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল। দুটো ছবিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে বাস্তবে এমন প্রচার এখনও শুরু হয়নি। তাহলে এই ছবি এল কোথা থেকে?

উত্তর একটাই। প্রচারে নতুনত্ব আনতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) (AI) প্রযুক্তি ব্যবহার করে এমন ছবি তৈরি করেছে দুটি রাজনৈতিক দলই। শুধু তৃণমূল বা সিপিএম নয়, এআই প্রযুক্তির সাহায্য নিয়ে এমন প্রচারে নেমেছে বিজেপি সহ অন্য রাজনৈতিক দলগুলিও। তৈরি হচ্ছে বিভিন্ন ছবি, ভোটারদের মন জয়ের চেষ্টায় ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে। যেমন এখন দেখা যাচ্ছে, জঙ্গলের মাঝে কয়েক হাজার লোক বিজেপির পতাকা নিয়ে হাঁটছেন। আর সামনে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিটি ছবি একটু ভালোমতো পর্যবেক্ষণ করলেই স্পষ্ট হয়, এআই-এর কার্যকারিতা। এআই দিয়ে শুধু ছবি তৈরি নয়, বানানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ভিডিও। এআই প্রযুক্তি যে এখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের সহায়ক, তা একের পর এক পোস্টে স্পষ্ট।

বিধানসভা নির্বাচনে ডিজিটালাইজেশন প্রচারে ঝড় তুলতে রাজনৈতিক দলগুলি আলাদাভাবে বিশেষ দলও গঠন করেছে। তৃণমল সূত্রে খবর, বিষয়গুলি দেখার জন্য চারটি দল তৈরি করা হয়েছে। একটি দল রয়েছে কনটেন্ট ক্রিয়েটরদের। যাঁরা বিভিন্ন ধরনের ছবি, ভিডিও তৈরি করে দেবেন। সেগুলি প্রচার হবে। আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্ট করার জন্য একটা দল রয়েছে। সোশ্যাল মিডিয়ার পেজ দেখার জন্যও একটি দল রয়েছে। তৃণমূলের আইটি ও স্যোশাল মিডিয়া সেলের পাবলিক অফ কনট্রাক্ট (পিওসি) কনক সরকার বলেন, ‘সোশ্যাল মিডিয়াও প্রচারের একটা বড় মাধ্যম। বর্তমান সময়ে এআই ব্যবহার করতেই হচ্ছে। এই প্রযুক্তির ব্যবহারে ভালো কনটেন্ট বানানো যায়।’ জেলা বিজেপিতেও আইটি বিভাগ রয়েছে। বিজেপির আইটি ইনচার্জ শম্ভু বিশ্বাসের কথায়, ‘জেলা থেকে আমাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন কাজ করছেন। এছাড়াও রাজ্য ও কেন্দ্রীয় নেতারাও পরামর্শ দেন। তাঁদের গাইডলাইনে কাজ হয়।’

একটা সময় নির্বাচনি প্রচারের মাধ্যম ছিল দেওয়াল লিখন এবং সেখানে থাকা বিভিন্ন ছড়া। পাশাপাশি বিভিন্ন ধরনের পোস্টারও পড়ত। দেওয়াল লিখন ‘মুছে’ ফ্লেক্স, বড় কাটআউটে নির্ভরশীল হতেও দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলিকে। গ্রাফিক ডিজাইনার দিয়ে বিভিন্ন ডিজিটাল পোস্টার তৈরি করে সমাজমাধ্যমে তা ছড়িয়ে দেওয়াটাও শুরু হয়েছিল কয়েক বছর আগে। এখন নির্ভরতা বাড়ছে এআই-এর ওপর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *