উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : মাঝ-আকাশে আচমকা স্মোক অ্যালার্ম বেজে ওঠার জেরে আতঙ্ক ছড়াল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে। শেষ পর্যন্ত যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিমানটিকে লখনউ বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১২৫৩ উড়ানটি বারাণসী থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা ৫২ মিনিটে বিমানটি বারাণসী থেকে যাত্রা শুরু করে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যে মাঝ-আকাশে হঠাৎ বিমানের স্মোক অ্যালার্ম বেজে ওঠে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান ককপিটের পাইলট। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি নিকটবর্তী লখনউ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে দ্রুত যোগাযোগ করেন এবং বিমানটির জরুরি অবতরণের অনুমতি চান।
পাইলটের থেকে জরুরি বার্তা পেয়ে লখনউ এটিসি বিমানটিকে নিরাপদে অবতরণের গ্রিন সিগন্যাল দেয়। অবতরণের পর সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর বিশেষজ্ঞদের একটি দল বিমানটির অভ্যন্তরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি ও পরীক্ষা চালায়।
ওই বিমানে ১৫৫ জন যাত্রী ছিলেন। তবে বিমানটিতে স্মোক অ্যালার্ম বাজার আসল কারণ কী, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, বিমানে ধোঁয়া বা অন্য কোনও সন্দেহজনক কিছুর প্রমাণ মেলেনি। তা সত্ত্বেও ঠিক কী কারণে অ্যালার্ম বেজে উঠল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

