উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের জেরে কার্যত লন্ডভন্ড বিশ্বজুড়ে বিমান পরিষেবা। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির কারণে একের পর এক দেশ তাদের আকাশপথ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে ভারতেও। সোমবার মধ্যরাত পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ইজরায়েল এবং কাতারগামী সমস্ত উড়ান সাসপেন্ড (Air India flight suspension) থাকবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। প্রভাব পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের রুটের ফ্লাইটেও। আমেরিকা সহ বিভিন্ন দেশের ফ্লাইট বিকল্প পথে চালানো হচ্ছে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
বন্ধ গুরুত্বপূর্ণ বিমানবন্দর, আটকে হাজারো যাত্রী
ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলি হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই (Dubai airport closed), আবুধাবি এবং দোহার মতো বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার যাত্রী বিদেশের বিমানবন্দরে আটকে পড়েছেন, যাদের মধ্যে বড় একটি অংশ ভারতীয় নাগরিক। আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইতিমত্যেই তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
এয়ার ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিমান চলাচল স্থগিত রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। এর ফলে দিল্লি থেকে জুরিখ, কোপেনহেগেন এবং বার্মিংহামগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি অমৃতসর থেকে বার্মিংহাম যাওয়ার বিমানটিও আজ উড়বে না বলে জানানো হয়েছে।
ঘুরপথে চলবে আমেরিকা ও ইউরোপের বিমান
ইউরোপ ও উত্তর আমেরিকার ফ্লাইটগুলি সচল রাখতে বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে প্রযুক্তিগত কারণে নিউ ইয়র্ক এবং নেওয়ার্কগামী বিমানগুলিকে রোম বিমানবন্দরে অবতরণ করতে হবে। শুধুমাত্র এয়ার ইন্ডিয়া নয়, বিশ্বের অন্যান্য বড় বিমান সংস্থাগুলিও নিরাপত্তার খাতিরে একই পথ অনুসরণ করছে।
জারি হয়েছে ট্রাভেল অ্যাডভাইজরি
যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ নির্দেশিকা বা অ্যাডভাইজরি জারি করেছে বিমান সংস্থাগুলো। সংঘর্ষের মেঘ না কাটলে আগামী কয়েকদিন আন্তর্জাতিক বিমান (Worldwide aviation disaster) সূচিতে এই বিশৃঙ্খলা বজায় থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
