উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নিয়ে রেষারেষির মাঝেই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী রইল প্রযুক্তি দুনিয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির লাগামহীন বিকাশ কিছুটা শ্লথ বা ধীর করার পক্ষে একমত হলেন বিশ্বের তিন শীর্ষস্থানীয় টেক-জায়ান্ট। ওপেনএআই (OpenAI)-এর প্রধান স্যাম অল্টম্যান, এক্সএআই (xAI)-এর কর্ণধার এলন মাস্ক এবং অ্যানথ্রপিক (Anthropic)-এর বস দারিও আমোদে-র এমন সতর্কবার্তা বিশ্ব রাজনীতি ও প্রযুক্তি মহলে শোরগোল ফেলে দিয়েছে।
সম্প্রতি অ্যানথ্রপিক-এর প্রধান দারিও আমোদে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশিত একটি দীর্ঘ ব্লগে প্রথম এই বিষয়ে সতর্কতা জারি করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, এআই মডেলগুলির ক্ষমতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে নিয়ন্ত্রণ হারানোর একটা বড় ঝুঁকি তৈরি হচ্ছে। আর এর পরেই তাঁর এই সতর্কবার্তায় সিলমোহর দেন এলন মাস্ক ও স্যাম অল্টম্যান।
নিজের ব্লগে দারিও আমোদে লিখেছেন, “আমাদের এআই মডেলগুলির ক্ষমতা বৃদ্ধির গতি কিছুটা ধীর করতে হবে। যদিও এর পরেও অগ্রগতির গতি দ্রুতই মনে হবে, তবে আমাদের প্রাপ্ত সময়টুকুর সঠিক ও বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অতি-বুদ্ধিমান (Superintelligent) কম্পিউটার সিস্টেমের ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই এই পদক্ষেপ জরুরি।”
আমোদের এই পোস্টের রেশ ধরেই সোশ্যাল সাইট এক্স (X)-এ ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান লিখেছেন, “আমি দারিওর সঙ্গে একমত যে আমাদের অগ্রগতির গতি নিয়ন্ত্রণ করা দরকার। ওপেনএআই-এর অন্দরেও সাম্প্রতিক সময়ে এটি নিয়ে আলোচনা হয়েছে। এআই সুরক্ষায় থার্ড-পার্টি বা স্বাধীন মূল্যায়নকারীদের যুক্ত করার যে সিদ্ধান্ত দারিও নিয়েছেন, আমরাও সেই পথেই হাঁটব। এমনকি এক্স-এর মালিক এলন মাস্কও এই মন্তব্যের সমর্থনে এক্স হ্যান্ডেলে লেখেন, “দারিও ঠিক কথাই বলেছেন।”
প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, সাম্প্রতিক মাসগুলিতে এআই যেভাবে দ্রুত গতিতে নিজে থেকেই নিজের পরবর্তী প্রজন্ম তৈরি করতে সক্ষম হচ্ছে (Recursive Self-Enchancment), তাতে আগামী দিনে মানুষের হাত থেকে এআইয়ের নিয়ন্ত্রণ চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাইবার হামলা, ভুল ব্যবহার এবং অতি-ক্ষমতাশালী সিস্টেমের সম্ভাব্য বিপর্যয় এড়াতেই এই তিন টেক জায়ান্টের একসুরে কথা বলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

