উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতায় এবার প্রতিবাদের নতুন ভাষা বেছে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজপথের লড়াইয়ের পাশাপাশি এবার কলম ধরলেন তিনি। তাঁর রচিত কবিতা ‘আমি অস্বীকার করি’-তে ফুটে উঠেছে সাধারণ মানুষের যন্ত্রণা ও রাষ্ট্রের দমনপীড়নের বিরুদ্ধে তীব্র ধিক্কার।
অভিষেকের কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে সাম্প্রতিক পরিস্থিতির ভয়াবহতা। তিনি লিখেছেন, ‘আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।’ রাষ্ট্রের নামে যে ‘রক্তের ঋণ’ এবং মানুষের অস্তিত্বকে নিছক ‘পরিসংখ্যান’ হিসেবে দেখার যে প্রবণতা, তাকেই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। কবিতার ভাষায় শাসককে হুঁশিয়ারি দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন যে, শাসকের বুটের তলায় বিবেক ও সত্য পিষ্ট হলেও ইতিহাস কাউকে ক্ষমা করে না।
এসআইআর প্রক্রিয়ার জাঁতাকলে পড়ে ইতিমধ্যেই ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাজ্যের শাসক দল। এই বিপুল প্রাণহানিকে নিছক সংখ্যা বলতে নারাজ অভিষেক। তাঁর কলমে উঠে এসেছে, ‘এটা শুধু সংখ্যা নয়, এ রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।’ তাঁর দাবি, রাষ্ট্র যখন প্রাণের বদলে কেবল পরিসংখ্যানের হিসাব রাখে, তখন মানুষের সম্মান ভূলুণ্ঠিত হয়।

উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এসআইআর পরিস্থিতির প্রতিবাদে ২৬টি কবিতা লিখেছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই পথ অনুসরণ করে সৃজনশীল প্রতিবাদের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন। রাজনৈতিক মহলের মতে, একদিকে পথে নেমে আন্দোলন এবং অন্যদিকে সাহিত্যের মাধ্যমে জনমত গঠন—এই দুই কৌশলে এসআইআর ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইতিহাসের দায়বদ্ধতা মনে করিয়ে দিয়ে অভিষেক তাঁর কবিতায় লিখেছেন যে, ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে কারা এই আগুনের বিরুদ্ধে লড়াই করেছিল।
