উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার মসনদে টিকে থাকলে হলে মজবুত করতে হবে সংগঠন। এই বিষয়টি অনেক আগেই বুঝেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। লোকসভা থেকে পঞ্চায়েত, বিধানসভা থেকে পুরসভা প্রত্যেকটি নির্বাচনে তৃণমূলের ভালো ফলের নেপথ্যে ছিল সেই সংগঠন। এবার আরও একধাপ এগিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠনের জোর বাড়াতে নয়া কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা।’
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) বলেন, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে নতুন এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছে যাওয়াই শুধু নয়, বাংলা বিরোধীদের বিরুদ্ধে জনমত গঠনও করা হবে। যে তরুণ-তরুণীরা বাংলার অপবাদ সহ্য করতে চান না, তাঁদের সকলের জন্য এটা একটি আহ্বান। নানা মাধ্যমে লড়াই চলছে। রাজপথ, সংসদের মতো সমাজমাধ্যম এবং ডিজিটাল দুনিয়াও এখন লড়াইয়ের জায়গা হয়ে উঠেছে। যা রয়েছে মোবাইলের স্ক্রিনে। যেখানে প্রতিনিয়ত বাংলা-বিরোধীরা কুৎসা, অপপ্রচার করছে। যাঁরা এই যোদ্ধা হবেন, তাঁরা এক এক জন সেনা।’
তৃণমূল সূত্রে খবর, প্রতি বুথে অন্তত ১০ জন করে ‘ডিজিটাল যোদ্ধা’ রাখার পরিকল্পনা করা হয়েছে। যারা মোবাইল এবং প্রযুক্তিতে স্বাচ্ছন্দ্য তাঁরাই হবেন অভিষেকের ‘যোদ্ধা।’ পাশাপাশি রাজনৈতিক যুক্তিতে প্রতিষ্ঠা করার ক্ষমতা থাকতে হবে। মূলত নবীন প্রজন্মকে প্রাধান্য দিয়েই ‘যোদ্ধা’ খুঁজবেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে সোশ্যাল মিডিয়াকে অস্ত্র করে কিভাবে মসনদে বসা যায়, তা সবার প্রথম ২০১৪ সালে করে দেখিয়েছিল বিজেপি (BJP)। একটি রাজনৈতিক দলের আইটি সেল থাকতে পারে, সেই পথ দেখিয়েছিল গেরুয়া শিবির। যদিও পরবর্তীতে বাংলার শাসক দল তাঁদের আইটি সেল তৈরি করে। ডিজিটাল দুনিয়ায় ঝাঁ চকচকে ছবি, ভিডিও থেকে নিজেদের প্রচার সবটা দায়িত্বের সঙ্গে করে আসছে তৃণমূল। শুধু একটা খামতিই ছিল, ডিজিটাল দুনিয়াকে হাতিয়ার করে সংগঠনের কাজ করা। এবার তাও শুরু করে দিলেন অভিষেক। সময়ের সঙ্গে নিজেদের রাজনীতি করার পদ্ধতি বদলে কতটা সফলতা আসে ঘাসফুলের ঝুলিতে তার অপেক্ষায় গোটা বাংলা।
