উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানা আইনি লড়াইয়ের আবহে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) (ED) দপ্তরে হাজিরা দেন তৃণমূল নেতা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্র ধরেই তাঁকে তলব করা হয়েছিল। সময়ের কিছু আগেই তিনি দপ্তরে পৌঁছালেও, ঢোকার সময় কোনো মন্তব্য করেননি।
অভিষেকের এই হাজিরাকে কেন্দ্র করে এদিন সিজিও কমপ্লেক্স চত্বরে দৃশ্যত কোনো বাড়তি নিরাপত্তা বা পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়নি। অথচ এর আগে যখনই তিনি সিজিও কমপ্লেক্সে এসেছেন, গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হতো এবং সাংবাদিক প্রবেশে কড়া নিয়ন্ত্রণ থাকত। সোমবারের এই ভিন্ন চিত্র রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল উসকে দিয়েছে।
রবিবারই দীর্ঘ সাড়ে আট ঘণ্টা রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি-র (CID) ভবানী ভবনের দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে তাঁকে এবং তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সিআইডি সূত্রে খবর, সোমবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার পাশাপাশি মঙ্গলবারও তাঁকে সিআইডি-র তলব রয়েছে। বুধবার আরও একটি মামলার প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা। বিধানসভা সংক্রান্ত ওই মামলায় কলকাতা হাইকোর্ট তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও, আগামী দুই সপ্তাহের জন্য তাঁকে কোনো কঠোর পদক্ষেপ থেকে সুরক্ষা দিয়েছে। তবে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের সেই সুরক্ষাকবচ নেই, যা এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি মূলত সিবিআই-এর চার্জশিটে উঠে আসা একটি অডিয়ো ক্লিপকে গুরুত্ব দিচ্ছে। সেই অডিয়োতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এবং চাকরি বিক্রির টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া, অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ড্স’-এর আর্থিক লেনদেনের খুঁটিনাটি নিয়েও ইডি দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে। এর আগেও একাধিকবার এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার এই পর্যায়ে ইডি-র দপ্তরে তাঁর হাজিরা ও পরবর্তী জিজ্ঞাসাবাদের ওপর এখন গোটা রাজ্যের নজর।
