Abhijeet Dipke | ‘প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হওয়া উচিত’, মোদিকে তীব্র কটাক্ষ অভিজিৎ দীপকের

Abhijeet Dipke | ‘প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হওয়া উচিত’, মোদিকে তীব্র কটাক্ষ অভিজিৎ দীপকের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট প্রশ্নফাঁস বিতর্কের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় পডুয়াদের উদ্দেশে ভিডিওবার্তা দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। আর এবার সেই ভিডিও নিয়েই মোদিকে তীব্র কটাক্ষ করলেন ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। তাঁর মতে, দেশ চালানোর চেয়ে মোদির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social media influencer) হওয়ার যোগ্যতা অনেক বেশি। তাই অবিলম্বে তাঁর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে অন্য কারও হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া উচিত।

মহারাষ্ট্রে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ দীপকে বলেন, ‘আমার মনে হয় প্রধানমন্ত্রী মোদির এখন একজন ইনফ্লুয়েন্সার হওয়া উচিত। তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে ভালো কাজ করছেন। তবে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা তাঁর ফাঁকা করে দেওয়া উচিত, যাতে অন্য কোনও যোগ্য নেতা কাজটা সামলাতে পারেন।’

দীপকে সেই সঙ্গে অভিযোগ করেন, তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভকারী ছাত্রদের ওপর রাজ্য সরকারগুলির হেনস্তা থামেনি। আন্দোলন প্রত্যাহার হলেও পুলিশ ও প্রশাসন আন্দোলনকারীদের ওপর নজরদারি চালাচ্ছে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ছাত্ররা কোনও জঙ্গি নয়, তাঁরা দেশের ভবিষ্যৎ। হেনস্তা বন্ধ না হলে আগামী নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে যুবসমাজ।’ দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট গান চালানোর নির্দেশের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের দাবি জানান তিনি।

পাশাপাশি বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের করা মন্তব্যের জবাবে দীপকে স্পষ্ট জানান, কঙ্গনা একজন ‘পার্ট টাইম রাজনীতিবিদ’, তাই তাঁর কোনও কথার উত্তর দেওয়া তিনি প্রয়োজন মনে করেন না। কেন্দ্রীয় নীতির ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, ‘ফাস্ট ট্র্যাক আদালতের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও প্রথম দিনেই সিবিআই আইনজীবী অনুপস্থিত ছিলেন।’ যুবসমাজের ক্ষোভ শান্ত হয়নি দাবি করে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের বার্তা দিয়েছেন সিজেপি প্রধান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *