নিউ ইয়র্ক: ভাগ্যের খোঁজে আমেরিকায় গিয়েও শেষরক্ষা হল না। ক্যালিফোর্নিয়ার হাইওয়েতে বিশালাকার সেমি-ট্রাক ছুটিয়ে বেড়ানো ৩০ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার (30 Indians Arrested in California) করল মার্কিন সীমান্ত পুলিশ। লটারি বা মেধা নয়, এবার খবরের শিরোনামে অবৈধ অনুপ্রবেশ আর জালিয়াতির পর্দাফাঁস।
ক্যালিফোর্নিয়ার (California Information) এল সেন্ট্রো সেক্টরে গত ২৩ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ‘অপারেশন হাইওয়ে সেন্টিনেল’-এ বিশাল ধরপাকড় চালানো হয়। মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর জানিয়েছে, ধৃতরা অবৈধভাবে বসবাস করা সত্ত্বেও জালিয়াতির মাধ্যমে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে ট্রাক চালাচ্ছিলেন। ধৃতদের মধ্যে ৩০ জন ভারতীয়। চিন, মেক্সিকো, রাশিয়ার নাগরিকরাও রয়েছেন।
গ্রেপ্তারির নেপথ্যে রয়েছে সাম্প্রতিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। অভিযোগ, গত কয়েক মাসে বেপরোয়া ট্রাক চালিয়ে কয়েকজন আমেরিকানের প্রাণ কেড়ে নিয়েছেন অবৈধভাবে থাকা কিছু ভারতীয় চালক। তালিকায় রাজিন্দর কুমার, জশনপ্রীত সিংয়ের মতো ব্যক্তিদের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। এল সেন্ট্রো সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান জোসেফ রেমেনার স্পষ্ট জানিয়েছেন, ‘এই চালকদের হাতে কোনওভাবেই স্টিয়ারিং থাকা উচিত ছিল না। জনগণের নিরাপত্তার স্বার্থে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।’
