‘ছোট সরকার’ নামে পরিচিত বিহারের বাহুবলী নেতা অনন্ত সিং নতুন মাসের শুরুতেই আত্মসমর্পণ করবেন। তাঁকে এর আগে জামিন দিয়েছিল পাটনা হাই কোর্ট। কিন্তু সেই জামিন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেওয়া হয়েছে আত্মসমর্পণের নির্দেশ। আর সেই নির্দেশ মেনেই ১ নভেম্বর তিনি আত্মসমর্পণ করতে চলেছেন বলে জানিয়েছেন অনন্ত।
গত বছর মোকামা থেকে জেডিইউয়ের টিকিটে ভোটে দাঁড়ান তিনি। আর এরপরই তাঁর প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর হয়ে প্রচারকারী নেতা দুলারচন্দ্র যাদব খুন হন। আর এই হত্যাকাণ্ডে নাম জড়িয়ে যায় অনন্তর। এমনও অভিযোগ ওঠে যে, গাড়িচাপা দিয়ে তাঁকে খুন করার নেপথ্যে তিনিই ছিলেন। এমনকী ঘটনাস্থলেও হাজির থাকার অভিযোগ উঠেছিল। কিন্তু শ্রীঘরে বসেই ভোটে জিতে যান অনন্ত। তবে এবার সুপ্রিম নির্দেশে তাঁকে ফিরতে গারদের ওপারে।
আরও পড়ুন:
মাত্র কয়েকদিন আগেই নতুন করে বিতর্কে জড়িয়েছিলেন অনন্ত। বিহারের বিধান পরিষদ নির্বাচনের আগে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নীরজ কুমারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি দাবি করেছিলেন, নীতীশ কুমারের রাজনৈতিক ভিত্তি মজবুত করতে ও তাঁকে সাহায্য করতে তিনি অতীতে নয়জনকে খুন করিয়েছিলেন। এহেন দাবির পরই বিতর্ক তুঙ্গে ওঠে। সপ্তাহ না ঘুরতেই এবার জেলযাত্রার প্রস্তুতি নিলেন বিহারের দাপুটে বিধায়ক।
জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের বিচার পতি এমএম সুন্দরেশ এবং পিভি বড়ালের বেঞ্চ জানিয়ে দিয়েছে অনন্তকে জামিন দেওয়ার সিদ্ধান্ত ঠিক নয়। পাটনা হাই কোর্ট তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব সঠিক ভাবে অনুধাবন করেনি। উল্লেখ করা হয় অনন্তর অপরাধময় অতীতের প্রসঙ্গও। এদিকে অনন্তও জানিয়েছেন, দেশের বিচারবিভাগের প্রতি তিনি আস্থাশীল। তাই আত্মসমর্পণ করবেন ১ নভেম্বর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
