পিছিয়ে গেল আইপিএল নিয়ে বিসিসিআইয়ের সভা। যে সভায় থাকার কথা ছিল বোর্ড ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কর্মকর্তাদের। আগামী ১৫ অক্টোবর এই সভা হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এশিয়ান গেমসে সোনাজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতীয় ক্রিকেট দলও এশিয়াডে সোনা জিতেছে। তাই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠানে হাজির হবেন বোর্ডের কর্তাব্যক্তিরা। যে কারণে আইপিএল নিয়ে সভা পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও নতুন তারিখ জানানো হয়নি।
বিসিসিআই-এর এক বিবৃতিতে সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “আপাতত এই বৈঠক স্থগিত রাখা হয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক, সিইও, আয়োজক রাজ্য সংস্থা ও সম্প্রচারকদের এই বৈঠকে উপস্থিত হওয়ার কথা ছিল।” তবে বোর্ডের কর্তারা প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানেও আমন্ত্রিত। তাছাড়া, কয়েকটি ফ্র্যাঞ্চাইজি থেকে বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ এসেছিল। সইকিয়া জানান, “সব বিষয় বিবেচনা করে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সভাটি আপাতত স্থগিত রাখা হয়েছে।” পরে এই বৈঠকের নতুন তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
এবার ২০ বছরে পড়তে চলেছে আইপিএল। সেই উপলক্ষে সেলিব্রেশনের ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ১৫ অক্টোবর আইপিএলের সব পক্ষকে নিয়ে বৈঠকে বসতে চেয়েছিল বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানেরও মুম্বইয়ের বৈঠকে থাকার কথা ছিল। বিশেষ করে যে সংস্থাগুলি আইপিএলের ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকে, তাদের মতামতকে গুরুত্ব দিতে চেয়েছিল বোর্ড। সেই সূত্রে বৈঠকে থাকার কথা ছিল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
অন্যদিকে এবারের এশিয়ান গেমসে ভারতের অ্যাথলিটরা জিতেছেন ২১টি সোনার পদক। এছাড়াও ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। মোট ৮৫টি পদক। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে দেশ। ব্যক্তিগত ও দলগত বিভাগে পদকজয়ী সমস্ত ক্রীড়াবিদের সঙ্গেই দেখা করার কথা প্রধানমন্ত্রীর। তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভবিষ্যতের জন্য উৎসাহও দেবেন তিনি। আগামী ১৫ অক্টোবর দিল্লিতে নিজের বাসভবনে এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর। বিকেল সাড়ে ৪টে নাগাদ এই সাক্ষাৎ হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
