মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন যুবক। একদিন পর সেই পুকুর থেকেই মিলল মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। মৃতের নাম নয়ন হালদার। সাঁতার জানার পরেও কীভাবে জলে ডুবে মৃত্যু? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানার ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি নয়ন হালদারের। রবিবার সন্ধ্যায় এলাকারই একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন নয়ন। রাত আটটা বেজে গেলেও বাড়ি ফিরছেন না দেখে পরিবারের লোকজন ওই পুকুরপাড়ে গিয়ে তাঁর খোঁজাখুঁজি করেন। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। রাতেই থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ জানানো হয়। সোমবার সকালে ওই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশিও চালানো হয় পুলিশের তরফ থেকে। তবে নয়নের কোনও সন্ধান মেলেনি।
আরও পড়ুন:
এদিন সন্ধ্যায় পুকুরে নয়নের দেহ ভাসতে দেখা যায়। পরিবার লোকজন পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুকুরের পাড় থেকে আগেই ওই যুবকের মোবাইল ফোন উদ্ধার হয়েছিল। নয়ন সাঁতার জানতেন। তাহলে কীভাবে জলে ডুবে মৃত্যু হল? নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? সেই প্রশ্ন উঠেছে।
নয়নের স্ত্রী জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থাতেই পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁর স্বামী। পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় কোনওভাবে পুকুরে পড়ে গিয়েছিলেন যুবক। আর জল থেকে উঠতে না পেরেই মৃত্যু। তবুও ময়নাতদন্তের রিপোর্ট এলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। এমনটাই জানিয়েছে হাবড়া থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
