সোমনাথ রায়, নয়াদিল্লি: দীর্ঘদিন বেতন বন্ধ! সেই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শিক্ষক ও শিক্ষককর্মী। বুধবার সেই মামলার শুনানিতে আদলতের নির্দেশ এমন ১০ জন শিক্ষক ও ৫ জন শিক্ষাকর্মীর তথ্য দেওয়া হোক যাঁরা বৈধ উপায়ে নিয়োগপত্র পেয়েছেন। কিন্তু তাঁরা বঞ্চিত।
রাজ্যের বেশকিছু মাদ্রাসায় রাজ্য প্রশাসনকে এড়িয়ে শিক্ষক ও শিক্ষককর্মী নিয়োগের অভিযোগ ওঠে। তারপরই রাজ্য সেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন দিতে অস্বীকার করে। তারপরই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে ওই শিক্ষক ও শিক্ষককর্মীরা। শুনানির পর কলকাতা হাই কোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল রাজ্যের পক্ষেই।
এরপর মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি দীপংকর দত্তের বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্য ও আবেদনকারীদের আইনজীবীদের সওয়াল জবাব শোনার পর আদালত আবেদনকারীদের বলে, এমন ১০ জন শিক্ষক ও ৫ জন শিক্ষাকর্মীর উদাহরণ দিতে, যাঁদের নিয়োগ বৈধ উপায়ে হয়েছিল এবং তাঁরা বঞ্চিত। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই হাই মাদ্রাসা চুক্তিভিত্তিক আইসিটি কম্পিউটার শিক্ষকরাও রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। তাঁদেরও দাবি ২১ মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা।
