জোরকদমে চলছে সৌরভ গঙ্গোপাধ্যয়ের বায়োপিক তৈরি কাজ। তারমধ্যেই দিল্লি হাই কোর্টে ধাক্কা খেলেন দাদা। তাঁর আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত। সৌরভের আবেদন ছিল, ‘দুসরা’ সিনেমাটির মুক্তি যেন স্থগিত করা হয়। কিন্তু সেই আবেদন খারিজ করেছে দিল্লি হাই কোর্ট। শুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছেন ‘দুসরা’।
কিন্তু এই ছবির মুক্তি আটকানোর কারণ কী? প্রাক্তন ভারত অধিনায়কের অভিযোগ, এই ছবিতে এমন কিছু ঘটনা এবং দৃশ্য দেখানো হয়েছে যা তাঁর জীবনের সঙ্গে হুবহু মিলে যায়। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁর কার্যকলাপ, ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ জয়, লর্ডসের ব্যালকনিতে সেই ঐতিহাসিক জার্সি ওড়ানো-প্রত্যেকটি ঘটনাই এই ছবিতে তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলি ছবিতে দেখানোর জন্য নির্মাতারা সৌরভের অনুমতি নেননি বলেই অভিযোগ।
আরও পড়ুন:
এই বিষয়টি তুলে ধরেই আদালতের দ্বারস্থ হয়েছেন মহারাজ। তাঁর অভিযোগ, বিখ্যাত ক্রীড়াবিদের উদাহরণ এইভাবে তুলে ধরার অর্থ তাঁর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা। বিনা অনুমতিতে যেভাবে সৌরভের মতো ব্যক্তিত্বকে ব্যবহার করা হয়েছে এই ছবিতে, ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে-সেটা রুখতেই ছবির মুক্তি আটকানোর আবেদন করেছিলেন সৌরভ। কিন্তু সেই আবেদন মঞ্জজু করেনি দিল্লি হাই কোর্ট। শুক্রবার হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই ছবিটি মুক্তি পাবে দেশজুড়ে। তবে দিল্লি হাই কোর্ট ছবিমুক্তিতে অনুমতি দিলেও আইনি কার্যকলাপ চলবে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিং প্রায় শেষদিকে। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। বাংলা বলাও শিখে ফেলেছেন অনেকটাই। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তানিয়া মানিকতল্লা। চমক থাকতে পারে জগমোহন ডালমিয়া, গ্রেগ চ্যাপেলের চরিত্রগুলিতেও। সম্ভবত ছবিটি মুক্তি পাবে আগামী বছর। তার আগেই রুপোলি পর্দায় সৌরভের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলি দেখা যাবে-সেটা দাদার বায়োপিকের ব্যবসায়িক ক্ষতিও করতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
