‘বন্দে মাতরম’ আলোচনার আগে বঞ্চনা ইস্যুতে সরগরম সংসদ, বাইরে বিক্ষোভে তৃণমূল

‘বন্দে মাতরম’ আলোচনার আগে বঞ্চনা ইস্যুতে সরগরম সংসদ, বাইরে বিক্ষোভে তৃণমূল

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সোমনাথ রায়, নয়াদিল্লি: বাংলার মাটির সৃষ্টি জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ নিয়ে সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ আলোচনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট এই স্তোত্রের ১৫০ বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকারের বিশেষ শ্রদ্ধাজ্ঞাপনে এই পদক্ষেপ। সোমবার সংসদের উভয়কক্ষে আলোচনায় অংশ নেবেন প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরাই। তবে এনিয়ে আলোচনা শুরুর আগে সংসদ ভবনের বাইরে নিজেদের বকেয়া মেটানোর দাবিতে সরব হলেন তৃণমূল সাংসদরা। হাতে পোস্টার, তাতে ১০০ দিনের কাজ থেকে একাধিক যৌথ প্রকল্পের অর্থ নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ দেখালেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা।

‘বিজেপি পরিকল্পিতভাবে বাংলাকে বঞ্চিত করেছে’, ‘মনরেগার টাকা এখনও বাকি’ – বাংলা, ইংরাজির পোস্টারে এমনই সব প্রতিবাদী কথা লেখা রয়েছে। তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার সাংসদদের একটা বড় অংশকে দেখা গেল, সোমবার সকালে এসব পোস্টার হাতে নিয়ে সংসদ ভবনের সামনে স্লোগান তুললেন। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, মৌসম বেনজির নুর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে লোকসভার সাংসদ শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগ, প্রতিমা মণ্ডল, বাপি হালদার – সকলের হাতে পোস্টার। যাতে স্পষ্টভাবে কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে।  

আসলে, শীতকালীন অধিবেশনে কীভাবে সংসদের ভিতরে-বাইরে কেন্দ্রের মোদি সরকারকে চাপে রাখতে হবে, তার রূপরেখা ঠিক করে দিয়েছেন দলের তরফে দায়িত্বপ্রাপ্ত লোকসভার দলনেতা তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শের ভিত্তিতে সংসদীয় দল ইস্যুভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করছে। কখনও এসআইআর, কখনও বাংলা ও বাঙালির উপর নির্যাতন, কখনও আবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিরোধী সুর চড়াচ্ছেন দলীয় সাংসদরা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *