নীতি আয়োগের বৈঠককে সামনে রেখে বাংলার শিক্ষা খাতে বড়সড় রূপরেখা তৈরির প্রক্রিয়া শুরু

নীতি আয়োগের বৈঠককে সামনে রেখে বাংলার শিক্ষা খাতে বড়সড় রূপরেখা তৈরির প্রক্রিয়া শুরু

স্বাস্থ্য/HEALTH
Spread the love


নীতি আয়োগের বৈঠককে সামনে রেখে বাংলার শিক্ষা খাতে বড়সড় রূপরেখা তৈরির প্রক্রিয়া শুরু হল দিল্লিতে। টানা তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা এবং দক্ষতা উন্নয়নকে একই ছাতার তলায় এনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। সরকারি সূত্রের মতে, নীতি আয়োগের সুপারিশ ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দিনের শিক্ষা পরিকাঠামো গড়ে তোলাই এই আলোচনার মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার নীতি আয়োগের সহ-সভাপতি অশোক কুমার লাহিড়ীর সঙ্গে বৈঠকে রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন ও উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বাংলার শিক্ষা খাতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরেন তাঁরা। বৈঠকে স্কুল ও কলেজের পরিকাঠামো উন্নয়ন, ছাত্রীদের জন্য আবাসিক হস্টেলের সংখ্যা বাড়ানো, রাজ্যের প্রতিটি স্কুলে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত শিক্ষার প্রসার, প্রধানমন্ত্রী ই-বিদ্যা প্রকল্প এবং ই-স্মার্থ পোর্টালের কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন:

পাশাপাশি অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং ও কমিকস কনটেন্ট ক্রিয়েটর ল্যাব গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় টাউনশিপ নির্মাণ, বিদেশি বিশ্ববিদ্যালয়কে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়তে উৎসাহ দেওয়া এবং বাংলার বিশ্ববিদ্যালয়গুলিকে আন্তর্জাতিক পড়ুয়াদের অন্যতম গন্তব্যে পরিণত করার পরিকল্পনাও আলোচনায় গুরুত্ব পায়। নীতি আয়োগের মতে, এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে রাজ্যের সব জেলার শিক্ষার্থীরা আধুনিক পরিকাঠামো ও আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ পাবে।

এর আগে বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের সামগ্রিক শিক্ষা পরিস্থিতির পর্যালোচনা হয়। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা— প্রতিটি স্তরে গুণগত মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং বাংলার শিক্ষা ব্যবস্থার হারানো গৌরব পুনরুদ্ধারে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করার বিষয়ে ইতিবাচক বার্তা মিলেছে।

একই দিনে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রী জয়ন্ত চৌধুরির সঙ্গে পৃথক বৈঠকে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ এবং যুবসমাজের কর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। পশ্চিমবঙ্গের মানবসম্পদ উন্নয়নে ভারত সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সব মিলিয়ে, নীতি আয়োগকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই ধারাবাহিক বৈঠকগুলি শুধু প্রকল্প পর্যালোচনাতেই সীমাবদ্ধ থাকেনি; বরং আগামী দিনের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিশ্বমানের উচ্চশিক্ষার রূপরেখা তৈরির ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *