নয়াদিল্লি: দিল্লিতে বায়ুদূষণের কারণে বাইরে বেরনো দুষ্কর হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত হাঁটতে গিয়ে অস্বতি অনুভব করেছেন। এরই প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, বার অ্যাসোসিয়েশন রাজি থাকলে বিভিন্ন মামলার ভার্চুয়াল শুনানি হতে পারে।
আইনজীবী রাকেশ দ্বিবেদী অসুস্থতার কারণে এসআইআর মামলার শুনানিতে যোগ দিতে পারছেন না। দ্বিবেদী সংশ্লিষ্ট মামলার শুনানি থেকে তাঁকে বাদ দেওয়ার জন্য আবেদন করেন। তাতে প্রধান বিচারপতি জানতে চান, অসুস্থতার কারণ কি দিল্লির দূষিত বায়ু? দ্বিবেদী উত্তরে হ্যাঁ বলায় সূর্য কান্ত জানান, ভার্চুয়াল শুনানি হতে পারে। তবে বার অ্যাসোসিয়েশনের সম্মতি দরকার। এরপরই নিজের কথা বলতে গিয়ে সূর্য কান্ত বলেন, ‘আমার একমাত্র ব্যায়াম হল হাঁটা। এখন সেটাও কঠিন হয়ে উঠেছে। গতকাল ৫৫ মিনিট হেঁটেছি বটে কিন্তু আমার কষ্ট হচ্ছিল। ’
প্রবীণ আইনজীবী কপিল সিবালের মুখেও এক কথা। তিনি বলেছেন, ‘এই বয়সে বিষাক্ত বাতসে শ্বাস নেওয়া…।’ দ্বিবেদীরও বক্তব্য, হাঁটার পরই তাঁর সমস্যা শুরু হয়।
