দীপেন বসু: উত্তরপ্রদেশের বেরেলিতে অনুষ্ঠিত হয়েছিল ৬৯তম অনূর্ধ্ব-১৭ জাতীয় স্কুল গেমস। বালিকা বিভাগের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজস্থানকে হারিয়ে সোনা জিতল বাংলার কন্যাশ্রীরা। এই নিয়ে টানা তিনবার সোনালি সাফল্য পেল বাংলা। বঙ্গকন্যাদের এমন সাফল্যে খেলোয়াড় ও কোচিং স্টাফদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টার ওঠে বাংলার মেয়েরা। সেখানে বাংলার প্রমীলা বাহিনীর দাপটের সামনে পার পায়নি পাঞ্জাব। এরপর কোয়ার্টার ফাইনালে হরিয়ানা এবং সেমিফাইনালে কেরালাকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে বাংলা। ফাইনালে অপ্রতিরোধ্য মেজাজে পাওয়া যায় বঙ্গকন্যাদের।

চূড়ান্ত লড়াইয়ে রাজস্থানকে সরাসরি তিন সেটে দুরমুশ করে পৌলমী, সারন্নারা। খেলার ফলাফল ২৫-১৫, ২৫-১৯, ২৫-৭। এই একতরফা জয়ে মুখ্য ভূমিকা নেয় নিতু রাজভর, পৌলমী শর্মা, সারন্না সাউ, শ্রদ্ধা সরকার মল্লিকা রায়, তনুশ্রী রায়রা। প্রতিযোগিতার সেরা হয় হুগলির পৌলমী। সেরা মিডল ব্লকার হুগলির সারন্না সাউ। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পেয়েছে হুগলির নিতু রাজভর।
দলে কোচবিহার থেকে ৫ জন সুযোগ পেয়েছিলেন। হুগলি থেকে ৫ জন, উত্তর ২৪ পরগনা ও হাওড়া থেকে একজন সুযোগ পেয়েছিলেন। এই নিয়ে টানা তিনবার জাতীয় স্কুল গেমসে সোনা জিতল বাংলা। রাজ্যের খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে বাংলা যে এগিয়ে, এটা তারই উজ্জ্বল নিদর্শন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
