সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গঙ্গাসাগর মেলায় বড়সড় বিপত্তি! শুক্রবার ভোরে কপিলমুনি আশ্রম চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একের পর এক ছাউনি। এদিন ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও আতঙ্কিত পুণ্যার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা নাগাদ কপিলমুনির আশ্রম এলাকায় একটি হোগল পাতার তৈরি ছাউনিতে আগুন দেখতে পান স্থানীয়রা। ছাউনি শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। তারপরই দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য ছাউনিতে। ভোরবেলায় হাওয়াতে তা আরও ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক ছাউনি। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও, আগুন রয়েছেই। এখনও কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
কী করে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা। আগুনের প্রকৃত উৎস কী? কতগুলি ছাউনি পুড়ে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা রান্নার উনুন থেকে আগুন লেগে থাকতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।
