নিঝুম ঠাকুর
প্রকৃত নাম অমলকুমার বিশ্বাস হলেও তিনি নিঝুম ঠাকুর নামেই পরিচিত। জন্ম নাগরাকাটার সুখানিবস্তিতে। মাধ্যমিক পাশ করার পর পড়াশোনার জন্য জলপাইগুড়ি শহরে দাদার কাছে আসা। এখানে আসার পর থেকেই লেখালেখির শুরু। স্কুল ম্যাগাজিনে প্রথম লেখা। এরপর থেকে লেখালেখির বহরটা আরও বেড়েছে। সবার জন্য ছড়া, ছোট গল্প লিখলেও মূলত ছোটদের জন্য লেখালেখিই প্রিয়। উত্তরবঙ্গ সংবাদ সহ বহু পত্রিকায় লেখালেখি করেছেন। জলপাইগুড়ি ক্লাব রোডে সেচ দপ্তরে চাকরি। অবসরের পর আরও বেশি করে লেখালেখিতে ডুবেছেন।
কীর্তিমান বঙ্কুবাবু
বঙ্কুবাবু প্রতিদিনই ঘরে ফেরেন লেটে
গিন্নি তার খাবারগুলো সাজিয়ে রাখেন প্লেটে,
প্রতিদিনই ফিরতে বাড়ি করেন তিনি রাত
বাড়ি ফিরেই বৌয়ের সঙ্গে সামাল দু’এক হাত!
যাবার পথে টিফিনগুলো সযত্নেই যায়
ফেরার পথে লাল্টু কুকুর তৃপ্তি করেই খায়!
যাবার পথে অফিস তিনি গট্ গটিয়ে যান
ফেরার পথে পা টলিয়ে পথে হোঁচট খান
গিন্নি দেখে টিভির খবর -চক্ষে সর্ষেফুল
সারা পাড়া সামনে বাড়ির সে কী হুলুস্থুল
চোখটা সবার পথের দিকে কখন তিনি আসেন
এমন তিনি পশুপ্রেমী সবাইকে ভালোবাসেন!
আদর করে লাল্টুকে তিনি খাইয়ে দিলেন আজ
গায়ে মাথায় হাত বুলোতেই লাল্টুর কি ঝাঁঝ
ঢুকতে ঘরে গিন্নি বলেন দাঁত চিবিয়ে রাগে
আজ লাল্টু ভেবে খাইয়ে এলে জ্যান্ত চিতাবাঘে!!
The publish উত্তরের ছড়াকার appeared first on Uttarbanga Sambad.
