আচমকাই বিরতিতে নীরজ, এশিয়ান গেমসের আগে হঠাৎ কী হল ‘সোনার ছেলে’র?

আচমকাই বিরতিতে নীরজ, এশিয়ান গেমসের আগে হঠাৎ কী হল ‘সোনার ছেলে’র?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের আগে আচমকাই বিরতিতে নীরজ চোপড়া। এখনও বেশ কিছুদিন ট্র্যাক অন ফিল্ডে দেখা যাবে না ভারতের ‘সোনার ছেলে’কে। এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। তাহলে কি ঐতিহ্যশালী এশিয়াড থেকে ছিটকে যাবেন ভারতের ‘সোনার ছেলে’? উদ্বেগে রয়েছেন ভক্তরা।

পিঠের চোট ধীরে ধীরে কাটিয়ে উঠছেন নীরজ চোপড়া। টোকিওয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হয়েছিলেন তিনি। প্রতিযোগিতা জেতা তো দূরের কথা, প্রথম নিজের ছন্দের ধারেকাছে থাকতে পারেননি। ১২ জনের মধ্যে আটে শেষ করেছিলেন এই জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার?

এক সাংবাদিক সম্মেলনে এএফআই-এর পক্ষ থেকে আদিল সুমারিওয়ালা বলেন, “বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ঠিক আগে নীরজ দু’টি চোট পেয়েছিলেন। এর প্রভাব ওর পারফরম্যান্সেও পড়ে। আপাতত ও বিরতি নিচ্ছে। তবে ওর চোটও দ্রুত সেরে উঠছে। এখন ওর রিহ্যাবের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোন টুর্নামেন্টটি তার প্রথম হবে। নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। ওকে স্যালুট। আমি ওর চোট দেখেছি। ফোলাভাবও দেখেছি। তবুও ও খেলেছিল। আমরা ওকে না খেলার কথা বলেছিলাম। নীরজ বলেছিল, ‘না স্যর, আমি চেষ্টা করব।’ চোটের কারণে ওর পারফরম্যান্স খারাপ হয়েছে, এমন কথা ও একবারও বলেনি।” এভাবেই নীরজের মনোভাবের প্রশংসা করেন এএফআইয়ের প্রাক্তন সভাপতি।

এই বছরের শেষের দিকে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এখানে অংশ নেওয়ার জন্য জাতীয় আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাধ্যতামূলক। ৮ থেকে ১২ জুলাই রয়েছে এই চ্যাম্পিয়নশিপ। নীরজ যেহেতু রিহ্যাবের মধ্যে রয়েছেন, তাই এই টুর্নামেন্টে তাঁকে অংশগ্রহণের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। বিরতির সময়টাতে তিনি ভালো করে রিহ্যাব করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি সরাসরি এশিয়ান গেমসে ফিরতে চলেছেন। উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *