সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অলিম্পিক সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ালেন মেরি কম। রবিবার পদত্যাগের বার্তা জানিয়ে দিয়েছেন তিনি। তবে বক্সিং কিংবদন্তি কেন পদত্যাগ করলেন, তার কারণ স্পষ্ট করে জানাননি।
ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাথলিটদের কমিশনের প্রধান ছিলেন মেরি কম। এছাড়া ক্রীড়া বিভাগের কার্যকরী কমিটিতেও ছিলেন তিনি। দুটি পদ থেকেই সরে দাঁড়িয়েছেন ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অ্যাথলিটদের কমিশনের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি বিদায়ী বার্তা জানিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘ভারতীয় অলিম্পিক সংস্থায় খুব ভালো সময় কাটিয়েছি। যা আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, অলিম্পিক সংস্থার দায়িত্ব এবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি পদত্যাগ করছি। সকলের জন্য শুভেচ্ছা।’
কিন্তু কেন তিনি পদত্যাগ করলেন, তার কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। মেরি কম কোনও পদত্যাগ পত্রও পাঠাননি। ফলে আপাতত অপেক্ষা করছে অলিম্পিক সংস্থা। তারপরই বাকি সিদ্ধান্ত নেবে। এই কমিশনে শরথ কমল, গগন নারাং, পিভি সিন্ধু, রানি রামপালের মতো একাধিক তারকারা রয়েছেন। অভিনব বিন্দ্রাও ছিলেন এই সংগঠনে। ২০২২ সালে পিটি ঊষা ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান হওয়ার পর দশজনের এই কমিশন গঠন করা হয়েছিল। মূলত অ্যাথলিটদের হয়ে কথা বলার দায়িত্ব এই কমিশনের।
তবে ঘটনা হচ্ছে, অলিম্পিক সংস্থার অ্যাথলিটদের সংগঠন দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয়। প্রথম দিকে কয়েকটি বৈঠক হলেও পরে তার কাজ কমতে থাকে। অভিনব বিন্দ্রা এই নিয়ে একাধিকবার কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে পিটি ঊষার সঙ্গে অন্যান্য সদস্যদের মতান্তরের খবর প্রকাশ্যে এসেছে। সেখানে এই কমিশনের এই গুরুত্ব আরও কমেছে। সেটাই কি মেরি কমের পদত্যাগের কারণ? উঠছে প্রশ্ন। উল্লেখ্য, অলিম্পিকের আগে শেফ দ্য মিশনের দায়িত্বও ছেড়েছিলেন তিনি।
