ফের উত্তেজনা ভাটপাড়ায়। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও একটুর জন্য বিজেপি কর্মীর গায়ে গুলি লাগেনি। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, জগদ্দল থানার অন্তর্গত বড় শ্রীরামপুর অঞ্চলে গতকাল রাতে বিজেপি কর্মী রাজু কুমার সাউ বাড়ির সামনে বসে গল্প করছিলেন। অভিযোগ, সেই সময় সেখানে আসেন সুজিত চৌধুরী ওরফে কালুয়া ও তাঁর দলবল। প্রথমে বিজেপি কর্মীদের গালিগালাজ করা হয়। তারপরে বন্দুক বার করে রাজুকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। ভোটের আগে ২৩ মার্চ রাজু কুমার সাউ এবং তাঁর পরিবারের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সুজিত জড়িত ছিলেন। এই ঘটনায় তিনি জেলও খেটেছেন। জেল থেকে বেরিয়ে এসে ফের তিনি এলাকায় তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ করায় ক্ষোভ গিয়ে পরে রাজুর উপর।
রাজু কুমার সাউদের অভিযোগ, বিজেপি করেন বলেই তাঁদের উপর এই আক্রমণ হচ্ছে। এই ঘটনায় সুজিত চৌধুরী ওরফে কালুয়া-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। রাজু সাউ বলেন, “দুটি বাইকে ৫ জন এসে এই হামলা চালিয়েছে। মুখ ঢেকে এই হামলা চালানো হয়। তৃণমূলের গুন্ডা কালুয়া এই হামলা চালায়। এরপর আমাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। আমি পালিয়ে বাঁচি। আমাকে মারার পরিকল্পনা করেছে। আতঙ্কে রয়েছি।”
