টাইগার শ্রফ নয়। শুটারদের আসল লক্ষ্য ছিল আরও বড় কোনও ফিল্ম তারকা। বিস্ফোরক তথ্য উঠে এল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জেরায়। গত রবিবার আচমকা টাইগারের উপর বন্দুকবাজদের হামলায় কেঁপে উঠেছে মায়ানগরী। নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আর তাদের জেরায় জানা গেল, ‘সহজ লক্ষ্য’ বলেই টাইগার আক্রমণের মুখে পড়েছে। নাহলে লক্ষ্য ছিল অন্য একজন।
এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকে জানানো হয়েছে, “টাইগার শ্রফ শুটারদের আসল লক্ষ্য ছিলেন না। তিনজন শুটার আসলে আরও একজন বলিউড সেলিব্রেটিকে টার্গেট করেছিল। কিন্তু সেই সেলিব্রিটির সুরক্ষাব্যবস্থায় এত কড়াকড়ি যে শুটাররা তাঁর কাছে পৌঁছতে পারেননি।” কে সেই তারকা? সেটা অবশ্য পুলিশ জানায়নি। তবে তারা আরও জানিয়েছে, “পরে শুটাররা টাইগারকে বেছে নেয়। কারণ, তাঁকে আক্রমণ করা সহজ হবে। সেই জন্য ওঁকে গুলি করা হয়েছিল।” টাইগার প্রায়ই ফুটবল খেলতে প্রকাশ্যে আসেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।
আরও পড়ুন:
ইতিমধ্যে রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তিনজনই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ধৃতদের মধ্যে রয়েছে হরিয়ানার সোনিপতের ১৭ বছর বয়সি এক নাবালক। ট্রেনযাত্রার সময়ই গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদেরকে কোটার রেলওয়ে কলোনি থানায় কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল। জানা গিয়েছে, অভিযুক্তদের ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং মহারাষ্ট্র পুলিশ তাদের মুম্বই নিয়ে যাচ্ছে।
রবিবাসরীয় সন্ধ্যায় অভিনেতা টাইগার শ্রফের উপর বিষ্ণোই গ্যাংয়ের অতর্কিত হামলা চলে। অভিনেতার গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বরাতজোরে প্রাণে বাঁচলেও আঘাত যথেষ্ট গুরুতর। টাইগারের ঘটনায় উৎসবের মরশুমে যে একটা ভয়ের আবহ তৈরি হয়েছে তা বললে অত্যুক্তি হবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
