‘নিন্দুক’রা দাবি করে, ভারতের অর্থনীতির বেহাল দশা। বিশ্লেষকদের আশঙ্কা ছিল, একদিকে আমেরিকা-ইরানের যুদ্ধ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবোমা’য় বিদ্ধ হবে ভারতের জিডিপি। কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দিয়েছেন সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে জিডিপি বৃদ্ধির হার। সেই উপলক্ষে ফের ভিডিও প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একহাত নিলেন বিরোধীদেরও।
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্ব যুদ্ধে ডুবে রয়েছে। রোজ সংঘাতের খবর পাচ্ছি। পণ্য সরবরাহ ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমন নানা সমস্যা সত্ত্বেও ভারত উন্নতির পথে দ্রুত এগিয়ে চলেছে। জিডিপির হার জেনে গোটা দেশ খুশিতে মাতোয়ারা।’ তারপরই বিরোধীদের একহাত নিয়েছেন মোদি। নাম না করে তিনি বলেন, ‘ভারত একদিকে এমন উন্নতি করছে, অন্যদিকে হতাশায় ডুবে থাকা কিছু মানুষ “ঝুট কি গুঞ্জ” ছড়িয়ে দেশবাসীকে নিরাশ করছে। কিন্তু সেসব মিথ্যেকে ভুল প্রমাণ করে জিডিপি বৃদ্ধিতে এগিয়ে চলেছে ভারত।’
7.8% development.
Robust numbers.
Even stronger confidence. pic.twitter.com/ZVPpnAXrVU
— Narendra Modi (@narendramodi) September 1, 2026
জিডিপি বৃদ্ধির এই অভাবনীয় সাফল্য ধরে রাখতে আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকালের মতো বিষয়গুলিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, বেড়ানো বা বিয়ের অনুষ্ঠান বিদেশে করা উচিত নয়। দেশের মাটিতেই হোক এসব। দরকার না পড়লে সোনা কেনাও উচিত নয়। যত বেশি করে ভারতীয় আমজনতা ‘স্বদেশী’ হবেন, তত বেশি উন্নতি হবে দেশের অর্থনীতিতে, এমনটাই মত প্রধানমন্ত্রীর। এভাবেই যুবসমাজকে আরও উন্নত এবং বিকশিত ভারত উপহার দেওয়া যাবে, মনে করছেন প্রধানমন্ত্রী।
সর্বশেষ খবর
