আসছে ব্রাজিল। সাজ সাজ রব ভারতীয় ফুটবলে। সম্ভবত এটাই সাম্প্রতিক ইতিহাসে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। সেই ম্যাচের আগে সোশাল মিডিয়ায় বড়সড় বার্তা দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন
ভিনিসিয়াসদের দেশের ফুটবল সংস্থা নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে একটি ছবি পোস্ট করেছে। সেখানে হিন্দিতে লেখা, “আমরা আসছি।” সেই সঙ্গে ক্যাপশন, “ভারত আমরা আসছি। এই প্রথমবার কোনও ব্রাজিল দল ভারতে খেলতে যাচ্ছে। কলকাতায় দেখা হচ্ছে।” আসলে ভারতে খেলতে আসার জন্য ব্রাজিল দলও যে বেশ উৎসাহিত সেটা বারবার বোঝা যাচ্ছে ব্রাজিল ফুটবল সংস্থার পোস্টেই। অতীতেও একাধিকবার ভারত সফর নিয়ে পোস্ট করেছে ব্রাজিল।
আরও পড়ুন:

ব্রাজিল সফর নিয়ে যে পরিকল্পনা হয়েছে, তাতে অস্ট্রেলিয়াতে ম্যাচ খেলে ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায়া পা দেবেন ভিনিসিয়াস জুনিয়ররা। ১ এবং ২ অক্টোবর কলকাতায় প্র্যাকটিস করে ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। কোন মাঠে প্র্যাকটিস করা হবে, সেটাই খতিয়ে দেখতে আগেই শহরে চলে আসছেন ব্রাজিলের টেকনিক্যাল টিম। প্র্যাকটিসের মাঠ কীভাবে প্রস্তুত করতে হবে, তা বিস্তারিতভাবে বুঝিয়ে যাবেন ফেডারেশন কর্তাদের। পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রদের নিরাপত্তা নিয়ে কীভাবে যুবভারতী তৈরি থাকবে, তার পুরো পরিকল্পনা ফেডারেশন কর্তাদের বুঝিয়ে বলা হবে।
ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নানাবিধ নিয়ম থাকে। সেখানে আবার ব্রাজিল আসছে। সেই ম্যাচ ঘিরে নানারকম প্রস্তুতি নিতে হবে। ব্রাজিল কর্তারা কলকাতার সব পাঁচতারা হোটেলের ব্যবস্থা ঘুরে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন, কোন হোটেলে উঠবে ব্রাজিল দল। চার্টাড বিমানে মোট ৯৬জন প্রতিনিধি ব্রাজিল দলের সঙ্গে কলকাতায় আসবেন। হোটেল আগে থেকেই বুকিং না করলে সমস্যা হতে পারে। কারণ, শুধুই ফুটবলারদের থাকার জন্য রুম নয়। ম্যাসাজ রুম, মিটিং রুম সহ নানারকম সুবিধে রাখতে হবে ব্রাজিল দলের জন্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
